গত বিশ্বকাপ থেকেই দলগতভাবে নিজেদের সেরাটা দিতে পারছে না ব্রাজিল। আনচেলত্তিকে কোচ করে নিয়ে আসার গুঞ্জন কাটিয়ে দরিভাল জুনিয়রের হাতে উঠেছে সেলেসাওদের সামলানোর ভার। কোপা আমেরিকার এবারের আসর দিয়ে যাত্রা শুরু করবেন তিনি। তার আগে প্রস্তুতি পর্ব সারতে এ মাসেই প্রীতি ম্যাচে মাঠে নামবে ব্রাজিল।
ইউরোপীয় দুই পরাশক্তির বিপক্ষে নিজেদের ঝালাই করে নেবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২৩ মার্চ ওয়েম্বলিতে ব্রাজিলের প্রতিপক্ষ ইংল্যান্ড। এর তিন দিন পর ২৬ মার্চ ব্রাজিল খেলবে স্পেনের বিপক্ষে। এ দুই ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে সেলেসাওরা। নিজের প্রথম ঘোষিত দলে বেশ চমক রেখেছেন দরিভাল।
শুক্রবার দরিভালের দল ঘোষণার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন ওঠে- ভুল মুরিলোকে দলে নেওয়া হয়েছে। নটিংহাম ফরেস্টের হয়ে মাঠ কাঁপাতে থাকা ২১ বছরের মুরিলোর দলে আসার তুমুল সম্ভাবনা থাকলেও ব্রাজিলের রক্ষণ সামলানোর দায়িত্বে দরিভাল আস্থা রেখেছেন পালমেইরাসের মরিলো কারকোয়েরার ওপর।
প্রথমবারের মতো ব্রাজিল দলে ডাক পেয়েছেন বয়সে একেবারেই তরুণ লুকাস বেরালদো ও সাভিনহো। ২০ বছরের পিএসজির সেন্টারব্যাক বেরালদো এবং ১৯ বছরের জিরোনা উইঙ্গার সেভিনহো এ সুযোগ পেয়েছেন নিজেদের ক্লাব পারফরম্যানসের বদৌলতে। দরিভাল বলেন, ‘আমি নিঃসন্দেহে বলতে পারি এই নতুনরা ব্রাজিলের জার্সি গায়ে তোলার জন্য পুরোপুরি প্রস্তুত। আগামী দুই ম্যাচে তারা দলে দারুণ অবদান রাখবে।’
দরিভালের এ দলে নতুন চেহারা আটটি। গত ফেব্রুয়ারিতে হাঁটুর ইনজুরিতে পড়লেও দলে জায়গা পেয়েছেন টটেনহাম ফরোয়ার্ড রিচার্লিসন। তরুণ সেনসেশন এনড্রিকও আছেন দরিভালের পরিকল্পনায়। আর সবাইকে অবাক করে দিয়ে দরিভাল দলে টেনেছেন জুয়ার দায়ে অভিযুক্ত ওয়েস্টহাম মিডফিল্ডার লুকাস পাকেতাকে। গত সেপ্টেম্বরের পর আবার জাতীয় দলে ডাক পেলেন পাকেতা। বাজি ধরে ম্যাচ গড়াপেটার অভিযোগের ভিত্তিতে পাকেতার বিরুদ্ধে তদন্ত করছে এফএ।
৬১ বছরের দরিভাল দলে টেনেছেন ব্রাজিলের লিগ খেলা ৭ জনকে। প্রিমিয়ার লিগের ১০ জন আছেন এই দলে। স্কোয়াডের অধিকাংশ খেলোয়াড়ই নিজ ক্লাবের শুরুর একাদশে থাকেন। দল ঘোষণার পর দরিভাল বলেন, ‘প্রক্রিয়ার ওপর বিশ্বাস রাখুন। আমরা আবার বিশ্বকাপ ফাইনাল খেলব এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আমাদের সব কাজের পেছনে উদ্দেশ্য থাকবে এটিই।’
ব্রাজিল দল : গোলকিপার : এদেরসন, রাফায়েল, বেন্তো। ডিফেন্ডার: দানিলো, ইয়ান কোওতো, ওয়েন্ডেল, আইরতন লুকাস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, মার্কিনহোস, বেরালদো, মুরিলো। মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গুইমারায়েস, ক্যাসেমিরো, জোয়াও গোমেজ, লুকাস পাকেতা, ডগলাস লুইজ, পাবলো মাইয়া, আন্দ্রেয়াস পেরেইরা। ফরোয়ার্ড: গ্যাব্রিয়েল মার্তিনেলি, এনড্রিক, রদ্রিগো, ভিনিসিউস জুনিয়র, রিচার্লিসন, রাফিনহা ও সাভিনহো।
