ঢাকায় ঝুঁকিপূর্ণ ভবন সিলগালা করতে নোটিস

আপডেট : ০৩ মার্চ ২০২৪, ০২:০৭ এএম

রাজধানীতে কতগুলো ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে তা চিহ্নিত করে সিলগালা করার ব্যবস্থা নিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যানকে নোটিস দেওয়া হয়েছে। এতে বেইলি রোডের ‘গ্রিন কোজি কটেজ’ ভবনে অগ্নিকা-ে ৪৬ জনের প্রাণহানির ঘটনার সঠিক তদন্ত করে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে নোটিসে।

গতকাল শনিবার সুপ্রিম কোর্টের আইনজীবী এম আব্দুল্লাহ আল হারুন ভূঁইয়া এ নোটিস পাঠান।

নোটিসের অনুলিপি দেওয়া হয়েছে গৃহায়ন ও গণপূর্ত সচিব, স্বরাষ্ট্র সচিব, বন ও পরিবেশ সচিব, ফায়ার সার্ভিসের মহাপরিচালক ও ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সচিবকে। নোটিসের জবাব না পেলে সংশ্লিষ্ট বিষয়ে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হবে বলে জানান আইনজীবী।

অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হারুন ভূঁইয়া দেশ রূপান্তরকে বলেন, ‘এ ধরনের ঘটনা একের পর এক ঘটলেও পরে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। এই রাজধানীতে এমন অসংখ্য ভবন রয়েছে যা ঝুঁকিপূর্ণ এবং যেকোনো মুহূর্তে আরও দুর্ঘটনা ঘটতে পারে।’

গণমাধ্যম ও বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে নোটিসে বলা হয়, ‘বেইলি রোডের ভবনটি যে ধরনের বাণ্যিজিকভাবে ব্যবহার হয়েছে তার অনুমোদন ছিল না। ভবনের সিঁড়িও নিয়ম অনুযায়ী তৈরি হয়নি। নোটিস দেওয়ার পরও ব্যবস্থা গ্রহণ করা হয়নি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত