আবাসিকে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ চেয়ে রিট

আপডেট : ০৪ মার্চ ২০২৪, ০৪:২০ এএম

রাজধানীর বেইলি রোডসহ আবাসিক এলাকায় রেস্টুরেন্টসহ বাণিজ্যিক কার্যক্রম বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে বেইলি রোডে ‘গ্রিন কোজি কটেজ’ ভবনে অগ্নিকা-ে নিহত ৪৬ পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ এবং এ ঘটনার তদন্ত করতে একটি কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে।

গতকাল রবিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি করেন। আজ সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট একটি বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানান তিনি।

এদিকে অগ্নিপ্রতিরোধ নির্বাপণ আইন, ২০০৩ এবং অগ্নিপ্রতিরোধ ও নির্বাপণ বিধিমালা, ২০১৪ কেন প্রয়োগ হচ্ছে না, সে বিষয়ে নির্দেশনা ও রুলের আরজি জানিয়ে হাইকোর্টে পৃথক আরেকটি রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত জাহান। তিনি দেশ রূপান্তরকে বলেন, আজ হাইকোর্টের একটি বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হতে পারে।

বিচারিক তদন্ত চেয়ে আইনি নোটিস : এদিকে অগ্নিকান্ডে ৪৬ জনের মৃত্যুর ঘটনা তদন্ত করতে বিচার বিভাগীয় কমিশন  গঠন এবং ক্ষতিগ্রস্তদের প্রত্যেককে পাঁচ কোটি টাকা করে ক্ষতিপূরণের দাবিতে আইনি নোটিস পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সোলায়মান তুষার।

গতকাল ডাকযোগে স্বরাষ্ট্র সচিব, গৃহায়ন ও গণপূর্ত সচিব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক, রাজউকের চেয়ারম্যান ও ঢাকার জেলা প্রশাসকের উদ্দেশ্যে এ নোটিস পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত