বঙ্গমাতা হলে ময়লা থেকে জন্মাচ্ছে পোকা, তত্ত্বাবধায়ক বললেন- ক্লিনার ছুটিতে

আপডেট : ০৪ মার্চ ২০২৪, ০৫:০৪ পিএম

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীনিবাসে সপ্তাহ খানেক ধরে জমে থাকা বর্জ্য থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ, জন্মাচ্ছে পোকা এবং পচে গলে পড়ছে নোংরা পানি। সরেজমিনে গিয়ে দেখা যায়, ছাত্রীনিবাসটির নিচতলায় সিঁড়ির পাশে বালতি ও মেঝেতে জমে পড়ে রয়েছে নিত্যদিনের পরিত্যক্ত বর্জ্য।

শিক্ষার্থীরা অভিযোগ জানান, গত সপ্তাহ থেকে আমাদের হলের ময়লা পরিষ্কার হচ্ছে না। হল থেকে বের হতে গেলেই দুর্গন্ধ পাচ্ছি। এতদিন ময়লা ফেলে রাখায় বর্জ্য থেকে পোকা জন্মাচ্ছে। এ থেকে তো মারাত্মক জীবাণু তৈরি হচ্ছে। আমরা কর্তৃপক্ষকে জানালে তারা বলে এটা তাদের দায়িত্ব না, একজন অন্যজনের ওপর দায় চাপায়।

ছাত্রী নিবাসের তত্ত্বাবধায়ক কলেজের উদ্ভিদবিদ্যা ডিপার্টমেন্টর সহযোগী অধ্যাপক নিলুফা ইয়াসমিন জানান, বিষয়টি আমি জেনেছি। তবে, এটি এক সপ্তাহ নয়, শুধু গত শুক্রবার ও শনিবার বর্জ্য পরিষ্কার হয়নি। পরিষ্কারের কাজ চলছে। ক্লিনারের পরিবারের সদস্য, অসুস্থ হওয়ায় তিনি হঠাৎ চলে গেছেন। প্রিন্সিপালের অনুমতি ক্রমে, ছুটিতে আছেন।

কারণ জানতে চাইলে তিনি বলেন, মূলত আমাদের ছাত্রীনিবাসে স্থায়ী ক্লিনার নেই। কলেজের পরিচ্ছন্নতা কর্মী, চুক্তি ভিত্তিক কাজ করে। তাই, শুক্রবার ও শনিবার সে কাজ করে না। এজন্য ময়লা জমে ছিল৷

এ বিষয়ে বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ছাত্রী নিবাসের সহকারী মেট্রোন দোলা বলেন, বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। এমন কোনো ঘটনা আমাদের হলে ঘটেনি। পরবর্তীতে প্রমাণ হিসেবে বর্জ্যের ছবি ও ভিডিও ফুটেজ থাকার কথা জানালে, তিনি বিষয়টি স্বীকার করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত