'মেসি মেসি' স্লোগানের জবাবে রোনালদো বললেন, 'রিয়াদে দেখে নিব'

আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০৬:১৯ পিএম

মেসি আর রোনালদোর দুজন বিশ্বের দুই প্রান্তে ফুটবল খেললেও তাদের পুরোনো দ্বৈরথের ঝাঁজ এখনো রয়ে গেছে ভক্তদের মনে। আর সেই ঝাঁজটা মাঝেমধ্যেই টের পাচ্ছেন রোনালদো। সৌদি আরবের বিভিন্ন মাঠে তাকে খ্যাপাতে প্রতিপক্ষ দলের সমর্থকেরা কখনো কখনো ‘মেসি, মেসি’ স্লোগান দেন।

সৌদি প্রো লিগে ২৫ ফেব্রুয়ারি আল শাবাবের বিপক্ষে আল নাসরের ৩-২ ব্যবধানের জয়ে প্রথম গোলটি করেছিলেন রোনালদো। গোলটি ছিল ক্লাব ফুটবলে পর্তুগিজ তারকার ৭৫০তম। মাইলফলক ছোঁয়ার সেই দিনে প্রতিপক্ষের সমর্থকদের তাকে উদ্দেশ্য করে ‘মেসি, মেসি’ স্লোগানে বিরক্ত হয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করেছিলেন রোনালদো। এর জন্য সৌদি প্রো লিগে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। যার ফলে আল হাজেমের বিপক্ষে ৪-৪ গোলে আল নাসরকে ড্র করতে দেখেন ভিআইপি গ্যালারিতে বসে।

রোনালদো আল নাসরের হয়ে আবার মাঠে ফিরেছেন সোমবার রাতে। এএফসি চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে প্রথম লেগের ম্যাচটিতে রোনালদো অবশ্য গোল পাননি। আমিরাতের ক্লাব আল আইনের মাঠ থেকে তাঁর দলও হেরে এসেছে ১-০ গোলে।

হারের এই হতাশার সঙ্গে রোনালদোর মনে যোগ হয়েছে আল আইন সমর্থকদের অন্যরকম আচরণের বিরক্তি। ১-০ গোলে পিছিয়ে থেকে আল নাসরের খেলোয়াড়েরা যখন ড্রেসিংরুমে যাচ্ছিলেন, আল আইনের সমর্থকেরা রোনালদোকে উদ্দেশ্য করে ‘মেসি, মেসি’ স্লোগান দেয়।
এবার অবশ্য অশ্লীল কোনো অঙ্গভঙ্গি রোনালদো করেননি। এবার হাসতে হাসতে মাথা নাড়িয়ে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলেন, 'রিয়াদে দেখে নিব।' পরে সিআরসেভেন এক্স পেইজে একই কথা পোস্টও করেছেন তিনি। 

৭ মার্চ ঘরের মাঠে ফিরতে লেগ খেলবে আল নাসর। ম্যাচটা জিততে না পারলে প্রতিযোগিতা থেকে বিদায় হবে আল নাসরের। 

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত