রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৩৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা সাবেক ও বর্তমান কিছু কাউন্সিলরের ছত্রছায়ায় অপরাধমূলক কাজে জড়িয়েছে বলে পুলিশকে জানিয়েছে।
গতকাল মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, ‘তারা কিছু বড় ভাইয়ের নাম জানিয়েছে। বড় ভাইদেরও গ্রেপ্তার করা হবে। কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে ডিবির প্রত্যেকটি টিম কাজ করছে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হারুন অর রশীদ বলেন, গ্রেপ্তাররা সাবেক ও বর্তমান কিছু কাউন্সিলরের নাম জানিয়েছে। এটি তদন্ত করা হচ্ছে। তদন্তে যদি কোনো কাউন্সিলরের নাম পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা বাড্ডা, ভাটারা, তুরাগ, ৩০০ ফিট ও যাত্রাবাড়ীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকা- চালিয়ে আসছিল। তারা টার্গেট করা ব্যক্তিদের ইভটিজিং কিংবা ধাক্কা দেওয়ার ছল করে উত্ত্যক্ত করত। এরপর ঘেরাও করে ভুক্তভোগীর কাছ থেকে মোবাইল এবং নারীদের কাছ থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যেত। এ ছাড়া তারা ছিনতাই, চাঁদাবাজি, চুরি ও মাদক কারবারের সঙ্গেও জড়িত।
