ডা. প্রাণ গোপালের নাম ভাঙিয়ে অবৈধ ওষুধ বিক্রি, গ্রেপ্তার ৬

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০৩:৩১ এএম

অবৈধ ওষুধ বিক্রি চক্রের ছয় সদস্যকে রাজধানীর মিরপুর ও যশোর জেলা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা নাক, কান ও গলা বিশেষজ্ঞ ও কুমিল্লা-৭ আসনের সাংসদ অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে অননুমোদিত ওষুধ বিক্রি করতেন। এসব ওষুধ বিক্রি করে মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেন তারা।

গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে এসব তথ্য জানান অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ। এর আগে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন মো. জহুরুল ইসলাম (৪১), সাবিদ চৌধুরী (৩৩), মো. হাসিব চৌধুরী (২৭), মোহাম্মদ আলী (৪১), রাফিদ ইসলাম নুহিন (১৯) ও জাকির নাসের (২২)। তাদের কাছ থেকে বিভিন্ন মডেলের মোবাইল ফোন ৮টি, সিম কার্ড ১৩টি, ল্যাপটপ ৩টি, আইডি কার্ড ২টি, ডিয়া ফিক্স নামে ১৪০ বোতল ওষুধ, বুস্টার বক্স ৪১০ বোতল, লেবেল ছাড়া সবুজ রঙের ক্যাপসুল ৩৭০ বোতল, ডিয়া ফিক্স, প্রিমিয়াম হারবাল ফর্মুলা লেবেল ৩০টি, গিংকো হিলোবা ১০০ গ্রাম যৌন উত্তেজক পাউডার, বিভিন্ন ওষুধ ও সাপ্লিমেন্ট তৈরির ফর্মুলা লেখা একটি ডায়েরি ও প্রায় ৩৮ লাখ টাকা উদ্ধার করা হয়।

অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, গত ৭ ফেব্রুয়ারি রাজধানীর কলাবাগান থানায় একটি প্রতারণার মামলা করেন নাক, কান ও গলাবিশেষজ্ঞ এবং কুমিল্লা-৭ আসনের সাংসদ অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের চেম্বার সহকারী মো. বদরুল ইসলাম (৩৩)। মামলার তদন্তে নেমে রাজধানীসহ বিভিন্ন জায়গা থেকে প্রতারক চক্রের ছয়জনকে গ্রেপ্তার করা হয়। চক্রটি ডা. প্রাণ গোপাল দত্তের নাম ও ছবি ব্যবহার করে বিভিন্ন ফেসবুক আইডি ও পেজ থেকে বিভিন্ন পরামর্শ-সংবলিত পোস্ট ও কমেন্ট করে উরধ-ঋরী নামক অননুমোদিত ডায়াবেটিসের ওষুধ বিক্রি করত। এসব ওষুধ ডা. প্রাণ গোপাল দত্তের উদ্ভাবিত ও নিজস্ব প্রোডাক্ট বলে বিক্রি করত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত