এই দিনে

৭ মার্চ

আপডেট : ০৭ মার্চ ২০২৪, ১২:২৭ এএম

১৯৪৯ সালের ৭ মার্চ বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীর বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা আব্দুল মোতালেব হাওলাদার। মহিউদ্দীন মুলাদীর পাতারচর স্কুলে প্রাথমিক, মুলাদী মাহমুদজান পাইলট হাইস্কুল থেকে এসএসসি এবং বরিশাল ব্রজমোহন কলেজ থেকে এইচএসসি পাস করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে অনার্স পড়াকালে সেনাবাহিনীর অফিসার ক্যাডেট নির্বাচিত হন। ১৯৬৮ সালে লেফটেন্যান্ট ও ১৯৭০ সালে ক্যাপ্টেন পদে উন্নীত হন। একাত্তরে যখন মুক্তিযুদ্ধ শুরু হয় মহিউদ্দীন তখন পশ্চিম পকিস্তানের সোয়াত উপত্যকায় কর্মরত। দেশের পক্ষে যুদ্ধে অংশ নেওয়ার জন্য তিনি জুলাই মাসে কর্মস্থল ছেড়ে জীবনের ঝুঁকি নিয়ে দুর্গম পার্বত্য এলাকা অতিক্রম করে বাংলাদেশে পালিয়ে আসেন। তিনি কানসাট, আরগরারহাট, শাহপুরসহ কয়েকটি সফল অভিযান চালান। ১৩ ডিসেম্বর এক প্লাটুন মুক্তিযোদ্ধাসহ তিনি রেহাইচরের মধ্য দিয়ে নৌকাযোগে মহানন্দা নদী পার হন এবং শত্রুর কয়েকটি বাংকার দখল করে নেন। তিনি শত্রুর মেশিন গান ধ্বংস করার পরিকল্পনা নিয়ে বাঁ হাতে এসএমজি ও ডান হাতে একটি গ্রেনেড নিয়ে গোপনে ক্যাম্প থেকে বেরিয়ে আসেন। হামাগুড়ি দিয়ে রাস্তা পার হয়ে তিনি গ্রেনেড নিক্ষেপ করলে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এ সময়ই শত্রুর গুলি তার কপালে বিদ্ধ হয় এবং তিনি শহীদ হন। মুক্তিযুদ্ধে আত্মদানের স্বীকৃতিস্বরূপ তাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানসূচক ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত করা হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত