গত মাসের ২১ তারিখ ওমানের রাজধানী মাস্কাটে ২৮তম আন্তর্জাতিক বইমেলা শুরু হয়। মেলা শেষ হয় চলতি মাসের ২ তারিখ। মাস্কাটের এই মেলায় সৌদি আরব পবিত্র কোরআনের ১০ হাজার কপি বিতরণ করে। দেশটির ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় এই কার্যক্রম পরিচালিত হয়।
মাস্কাটের ওমান কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে আয়োজিত ১১ দিনের এই বইমেলায় সাহিত্য ও জ্ঞান-বিজ্ঞানের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। মেলায় অংশগ্রহণকারী সৌদি আরবের ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়ের প্যাভিলিয়নে দর্শনার্থীরা সৌদি সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারেন। ইসলাম প্রচার ও অন্যান্য কার্যক্রমের জন্য সৌদি আরবের প্রশংসা করেন তারা।
এখানে ৭৭টি বিদেশি ভাষায় অনুবাদসহ কোরআনের বিভিন্ন ধরনের কপি প্রদর্শন করা হয়। এছাড়াও কোরআনের ইতিহাস, কোরআন মুদ্রণের ইতিহাসসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। বইমেলা জুড়ে দর্শনার্থীদের জন্য বিতরণ করা কোরআনের ১০ হাজার কপি ছিল সৌদি আরবের কিং ফাহাদ গ্লোরিয়াস কোরআন প্রিন্টিং কমপ্লেক্স থেকে মুদ্রিত। এসব কোরআন ছিল বিভিন্ন আকারের এবং বিভিন্ন ভাষায়।
এ বছর মাস্কাট বইমেলায় ৩৪টি দেশের ৮৪৭টি প্রকাশনা সংস্থা অংশ নেয়। এতে ১৯ হাজার ওমানি বইসহ মোট ৬ লাখ ২২ হাজার বই ও অন্যান্য প্রকাশনা প্রদর্শিত হয়েছে।
এছাড়াও সৌদি মন্ত্রণালয়ের প্যাভিলিয়নে আগতদের থ্রিডি প্রযুক্তির মাধ্যমে হজ ও ওমরাহর আচার-অনুষ্ঠান সম্পর্কেও অবহিত করা হয়। যার উদ্দেশ্য ছিল হজ ও ওমরাহ পালনকারীদের সম্পর্কে সঠিকভাবে জানানো।
