কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র পদে উপনির্বাচনে প্রচারের শেষ দিনে গতকাল বৃহস্পতিবার ব্যাপক শোডাউন ও ব্যস্ত দিন পার করেছেন প্রার্থীরা। আগামীকাল শনিবার উপনির্বাচনের ভোট গ্রহণ হবে। এতে বিএনপি বলয়ের দুজন এবং মহানগর আওয়ামী লীগের দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রচারের শেষ দিনে বাস প্রতীকের প্রার্থী তাহসিন বাহার সূচনা সকাল থেকেই সিটির প্রাণকেন্দ্র নগরীর কান্দিরপাড় এলাকায় গণসংযোগ এবং ব্যাপক শোডাউন করেন। ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন কায়সার অনুসারী ও নেতাকর্মী নিয়ে নগরীর কান্দিরপাড় থেকে চকবাজার পর্যন্ত গণসংযোগ করেন। এদিন টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী মনিরুল হক সাক্কু শেষদিন নগরীর ১২ নম্বর ওয়ার্ড এলাকায় গণসংযোগ করেন। আর হাতি প্রতীকের প্রার্থী নুর উর রহমান মাহমুদ তানিম নগরীর চর্থা এবং থিরাপুকুরপাড় এলাকায় গণসংযোগ করেন। এদিকে সব প্রার্থীই সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
কুমিল্লা সিটি করপোরেশন উপনির্বাচনের সব প্রস্তুত সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ২৭টি ওয়ার্ডে ১০৫ কেন্দ্রের জন্য প্রতি ওয়ার্ডে একটি করে ২৭টি পুলিশের মোবাইল ফোর্স, প্রতি ৩ ওয়ার্ডে একটি করে নয়টি স্ট্রাইকিং ফোর্স, দুইটি রিজার্ভ স্ট্রাইকিং ফোর্স, র্যাবের ২৭টি মোবাইল টিম এবং ১২ প্লাটুন বিজিবি মোতায়েনের নির্দেশনা দেওয়া হয়েছে।
কুমিল্লা সিটি উপনির্বাচনের মেয়র পদে নির্বাচন নির্বিঘœ করতে বিজিবি-পুলিশ-র্যাব-আনসার ভিডিপি ও অন্যান্য আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। কেন্দ্রে এবং কেন্দ্রের বাইরের নিরাপত্তায় অস্ত্রধারী পুলিশ ও আনসার সদস্য মোতায়েনের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।
কুসিক উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তার সূত্র জানিয়েছে, নির্বাচনের পরিবেশ স্বাভাবিক রাখতে আগামী ৯ মার্চ কুমিল্লা সিটি উপনির্বাচনের ভোটের দিন আগের দুই দিন এবং পরের দিন পর্যন্ত মোতায়েন থাকবে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স। এবারের নির্বাচনে ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) মেশিনে।
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন দেশ রূপান্তরকে জানান, প্রতিটি কেন্দ্রকেই গুরুত্বপূর্ণ ধরা হয়েছে। সে হিসেবে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন হবে। ২৭টি ওয়ার্ডে ২৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। তিনি জানান সুশৃঙ্খল ও নির্বিঘেœ নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে আমরা কাজ করছি।
উপনির্বাচনে ভোটগ্রহণ শেষে কুমিল্লা জিলা স্কুল অডিটরিয়াম থেকে ফলাফল প্রকাশ করা হবে। ফলাফল ঘোষণার জন্য কুমিল্লা জিলা স্কুল অডিটরিয়ামে ‘তথ্য/ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র’ স্থাপন করা হয়েছে। অডিটরিয়াম থেকে ১০৫টি ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসাররা ভোটগণনার বেসরকারি প্রাথমিক ফলাফল ঘোষণা করবেন। ফল ঘোষণার সময় প্রত্যেক মেয়র প্রার্থীর ২৫ জন প্রতিনিধি উপস্থিত থাকতে পারবেন।
