দেশের নারী সমাজ আজ বঞ্চিত : মঈন খান

আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০২:০০ এএম

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, আমাদের দেশের নারীরা গার্মেন্টস শিল্পে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে বিশ্বে পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থানে নিয়ে গেছে। অথচ আজ আমাদের দেশের নারী সমাজ বঞ্চিত।

গতকাল শুক্রবার সকালে জাতীয়তাবাদী ছাত্রদলের নবনির্বাচিত কমিটির নেতাদের নিয়ে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, ‘বাংলাদেশ মহান যে আদর্শ নিয়ে সৃষ্টি হয়েছিল, সেই বাংলাদেশে আজ গণতন্ত্র মৃত। মৃত গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। সেজন্য রাজপথে নেমেছি, আমরা রাজপথে থাকব। ছাত্রদলের নতুন কমিটির নেতারা নিজেদের জীবনবাজি রেখে দেশের মানুষের ভোটের অধিকার, মানবাধিকার, নারী অধিকার, শিশু অধিকার এবং তাদের সম অর্থনীতির অধিকার নিশ্চিত করবে বলে আমরা আশা করি।’

সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘এই সরকার বিএনপিকে ভয় পায়। দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভয় পায়। সরকার খালেদা জিয়াকে গৃহবন্দি করে রেখেছে আর তারেক রহমান যাতে দেশে ফিরে আসতে না পারে সেজন্য বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।’

মঈন খান বলেন, ‘আজকে আওয়ামী লীগ সরকার অলিগার্কির মাধ্যমে তাদের আশীর্বাদপুষ্ট ২২০ পরিবার তৈরি করে এ দেশের সব সম্পদ কুক্ষিগত করে নিয়েছে। আর সেই লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে। উন্নয়নের নামে, মেগা উন্নয়নের নামে তারা করছে মেগা দুর্নীতি। এ কারণে দেশের অর্থনীতি ধ্বংসের পথে। সামনে রমজান, অথচ জিনিসপত্রের দাম আকাশচুম্বী।’

এর আগে ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের নেতৃত্বে নেতাকর্মীরা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, দলটির নেতা ড. আসাদুজ্জামান রিপন, নাজিম উদ্দিন আলম, মোনায়েম মুন্না, কাজী রওনকুল ইসলাম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত