হাটের ১০টি স্টলে থরে থরে সাজানো নিত্যপণ্য সামগ্রী। শিম, বেগুন, আলু, তেল, পেঁয়াজ, লবণ, মাংসের মসলা, ডাল, চিনি, রসুন, ঝিঙ্গা, টমেটো, বাঁধা কপি, মরিচ, হাঁসসহ বিভিন্ন খাদ্য সামগ্রী। মানুষ আসছেন, আর নিজের পছন্দ অনুযায়ী নিচ্ছেন রোজার জন্য বাজার। এসব বাজার নিতে দিতে হচ্ছে না কোনো টাকা।
গতকাল শুক্রবার বিকেলে ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নে এই বিনামূল্যের বাজারের আয়োজন করে বন্ধু সমাজ কল্যাণ ফাউন্ডেশন নামে স্থানীয় একটি সংগঠন। সংগঠনটির চেয়ারম্যান বিল্লাল হোসেন ও সাবেক শিক্ষক আবদুল গণি ফিতা কেটে ‘বিনামূল্যে বাজার বিতরণ’ এর উদ্বোধন করেন।
দোকানে সাজানো খাদ্যসামগ্রী সেখান থেকে বিনা পয়সায় নিজের প্রয়োজনীয় সবজি নিতে পেরে খুশি এলাকার নিম্নআয়ের প্রান্তিক জনগোষ্ঠীর লোকজন। এমন উদ্যোগ অব্যাহত রাখার দাবি এই মানুষগুলোর।
বাজার নিতে আসা সামছুন্নাহার (৪০) বলেন, কোনো টাকা ছাড়াই পরিবারের জন্য রমজানের বাজার পেয়ে অনেক ভালো লাগছে।
আয়োজনে উদ্বোধন করে সাবেক শিক্ষক আবদুল গনি বলেন, এমন উদ্যোগ আগে কখনো দেখিনি।
বন্ধু সমাজ কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান বিল্লাল হোসেন বলেন, সংগঠনের সদস্যদের প্রচেষ্টা ও সমাজের বিত্তবানদের সহযোগিতায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য।
