রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জামায়াতের

আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০৮:৫৫ পিএম

রমজানের পবিত্রতা বজায় রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। শনিবার (৯ মার্চ) তিনি এক বৈঠকে এ আহ্বান জানান।

বৈঠকে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের গৃহীত প্রস্তাবে বলা হয়, এমন এক দুঃসময় জাতি পবিত্র সিয়াম সাধনা করতে যাচ্ছে যখন দেশে চলছে স্বৈরাচারী দুঃশাসন, গ্রেপ্তার, জুলুম ও নির্যাতন। জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানসহ বহু নেতাকর্মীকে সরকার অন্যায়ভাবে জেলে আটক করে রেখে তাদের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে তাদের অন্যায়ভাবে কষ্ট দেওয়া হচ্ছে। পবিত্র রমজানের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানসহ বিরোধী দলের সকল রাজবন্দিদের অবিলম্বে মুক্তি দিয়ে মুক্ত পরিবেশে সিয়াম সাধনার সুযোগ দেওয়ার জন্য জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সরকারের নিকট জোর দাবি জানানো হয়।

তিনি বলেন, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার সাথে লক্ষ্য করছে চাল, ডাল, ছোলা, চিনি, মাছ, মাংস, তরি-তরকারির দাম সরকারি দলের ব্যবসায়ীরা সিন্ডিকেট করে এতটাই অস্বাভাবিকভাবে বৃদ্ধি করেছে যে, তা দরিদ্র জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে। ফলে দরিদ্র লোকদের একবেলা পেট ভরে খাবার জুটছে না। এ অবস্থায় রমজানের সিয়াম পালন করা তাদের জন্য খুবই কঠিন হবে।

তিনি উল্লেখ করেন, এক কেজি চালের দাম প্রকার ভেদে ৬০ থেকে ৯৫ টাকা, সয়াবিন তেল ১৬৮ থেকে ১৭২ টাকা, রুই মাছ ৩৫০ থেকে ৪৫০ টাকা, গরুর মাংস ৭৫০ টাকা থেকে ৮০০ টাকা, খাসির মাংস ১১০০ টাকা থেকে ১২০০ টাকা। ইফতার সামগ্রী খেজুর প্রকারভেদে ৪০০ টাকা থেকে ১,০০০ টাকা পর্যন্ত, মুরগি ৩৮০ টাকা থেকে ৩৫০ টাকা, বেগুন ৭০-৮০ টাকা, পেঁয়াজ ১০০ টাকা থেকে ১২০ টাকা। ছোলা ১১০ থেকে ১২০ টাকা, মসুর ডাল ১২০ টাকা থেকে ১৪০ টাকা করে বিক্রয় হচ্ছে। এ অবস্থায় দরিদ্র মানুষ কিভাবে রমজান পালন করবে? তারা কিভাবে ইফতার ক্রয় করবে? এ অবস্থা থেকে পরিত্রাণের ব্যাপারে সরকারের কোনো মাথা ব্যথা নেই। কারণ বর্তমান সরকার দীর্ঘ ১৫ বছর যাবত অবৈধভাবে বিনা ভোটে ক্ষমতায় আছে।

দেশে ঘুষ, দুর্নীতি, চুরি, ডাকাতি, নারী ধর্ষণ, নির্যাতন, মাদকাশক্তি ও বেহায়াপনা দ্রুত গতিতে সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, জনগণ যাতে একটি পবিত্র পরিবেশে সিয়াম পালন করতে পারে সেই লক্ষ্যে ঘুষ, দুর্নীতি, নারী নির্যাতন, নারী ধর্ষণ, মাদকাশক্তি ও বেহায়াপনা বন্ধ এবং দিনের বেলা হোটেল ও রেস্তোরাঁ বন্ধ রাখার উদ্দেশ্যে কঠোর পদক্ষেপ গ্রহণ এবং দ্রব্যমূল্য ও ইফতার সামগ্রী জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার জন্য জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সরকার ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত