রাজধানীর গুলিস্তানে বাস ধাক্কায় ও দক্ষিণখান কসাইবাড়ি এলাকায় অটোরিকশার ধাক্কায় অজ্ঞাত পরিচয়ে দুই নারী নিহত হয়েছেন। তাদের বয়স ৬০ থেকে ৬৫ বছর।
আজ রবিবার (১০ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে গুলিস্তানে ও ৭টার দিকে দক্ষিণখানে এই দুর্ঘটনা দুটি ঘটে।
আশিয়ান বাসের লাইনম্যান মো. রাব্বি জানান, সকালে গুলিস্তান পাতাল মার্কেটের এক নম্বর গেটের সামনে রাস্তা পার হচ্ছিলেন ওই নারী। তখন আশিয়ান বাসের সঙ্গে ধাক্কা লাগে তার। তখন তারাই ওই নারীকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
এদিকে, মোস্তাকিম নামে এক কিশোর জানায়, সে অটোরিকশা চালায়। সকালে কসাইবাড়ি রেলগেট সংলগ্ন সড়কে ওই নারী রাস্তা পারা হওয়ার সময় তার অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হলে সে নিজেই ওই নারীকে হাসপাতালে নিয়ে আসে। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, গুলিস্তান ও দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় নিহত দুই নারী নাম পরিচয় এখনো জানা যায়নি। ঘটনা দুটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
