যেভাবে বাংলাদেশের ড্রেসিংরুমে ‘মেরুন জ্যাকেট’

আপডেট : ১০ মার্চ ২০২৪, ০৩:০০ পিএম

মেরুন শব্দটা শুনলেই অনেকের মাথায় আসবে মহীনের ঘোড়াগুলির ‘মেরুন সন্ধ্যালোক’ গানটির কথা। আর ক্রিকেট ভক্তদের চোখে ভেসে উঠবে ওয়েস্ট ইন্ডিজের জার্সি। এই রংয়ের পোশাক জড়িয়ে খেলতে নামতেন ব্রায়ান লারা-ক্রিস গেইল-ড্যারেন স্যামিরা। সেই রংয়ের একটি জ্যাকেট এবার দেখা গিয়েছে বাংলাদেশের ড্রেসিংরুমেও।

ক্রিকেট খেলুড়ে দেশগুলোর মধ্যে মেরুন রঙের জার্সি দেখা যায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলে। ক্রিস গেইল-আন্দ্রে রাসেলরা এই রঙের জার্সি গায়েই মাঠ মাতিয়েছেন। এবার বাংলাদেশের ড্রেসিংরুমেও দেখা মিললো মেরুন রঙের জ্যাকেট তথা ‘মেরুন জ্যাকেট’। বাংলাদেশের ড্রেসিংরুমে বিশেষ এই পোশাকের আত্মপ্রকাশ ঘটেছে গত বিশ্বকাপ থেকে।

অ্যামেরিকান পোপ সিঙ্গার কিয়ারার একটি গান দেখে মেরুন জ্যাকেটের ধারণা পায় টাইগাররা। বিশেষ এই জ্যাকেট তারা ই পান যারা ম্যাচে প্রভাব রাখার মতো পারফরম্যান্স করেন। সর্বোচ্চ রান কিংবা উইকেট যিনি পাবেন তাকেই যে এই বিশেষ জ্যাকেট দেয়া হবে ব্যাপারটি এমন নয়।

ম্যাচের মোমেন্টাম ঘুরিয়ে দেওয়া পারফর্মারকেই দেওয়া হয় এই ‘মেরুন জ্যাকেট’। যিনি এই বিশেষ পোশাকটি পাবেন তাকে এই ‘মেরুন জ্যাকেট’ পরে দলের সবাইকে চিয়ার আপ করতে হবে। সেই পারফর্মারের নাম, ম্যাচ আর পারফরম্যান্স কালো মার্কার দিয়ে ছোট্ট করে লিখে দেওয়া হয় জ্যাকেটটিতে।

বিশেষ এই ‘মেরুন জ্যাকেট’ সম্পর্কে টিম ম্যানেজার নাফিস ইকবাল বলেন, ‘এই মেরুন জ্যাকেটের ধারণাটা এসেছে একটা গান থেকে। যেখানে একজনকে দেখা যায় একটা মেরুন জ্যাকেট পরে পুরো দলকে উৎসাহিত করছে। ওই জিনিসটাই আমাদের এখানে এই কনসেপ্ট নিয়ে এসেছে।’

‘মেরুন জ্যাকেট’ সম্পর্কে টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘কিয়ারার ওই গানের ভিডিও দেখে মনে হচ্ছিল, আমাদের দলটাও তো এমন। সবাই অনেক চিন্তাগ্রস্ত থাকে। সেই গানে একজন চেয়ারের উপর উঠে গান ধরে আর তাতে সবাই উজ্জীবিত ও নির্ভার হয়। মেরুন জ্যাকেট পরা ব্যক্তি রুমের আবহ বদলে দেয়। এই মানুষটার ছোট্ট কাজই পুরো পরিস্থিতি বদলে দেয়।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত