নরসিংদীর মাধবদীর দক্ষিণ বিরামপুরের মিষ্টি ব্যবসায়ী নির্মল দেবনাথকে (৪৩) হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তারকৃত মাসুম বিল্লা ওই মিষ্টি ব্যবসায়ীকে হত্যা করেছে বলে জানিয়েছে পিবিআই।
পিবিআই বলছে, ঠাকুরগাঁওয়ে নরসিংদী থেকে খোয়া যাওয়া একটি বাটন মোবাইল পাওয়া যায়। এর সূত্র ধরে জানা যায়, চারজনের হাতবদল হয়ে মোবাইলটি ঠাকুরগাঁওয়ে গিয়ে সচল হয়। মোবাইলটি এক এক করে সর্বশেষ ব্যক্তির কাছে পৌঁছাতেই বেরিয়ে আসে হত্যাকাণ্ডের রহস্য। নরসিংদীতে এক ব্যবসায়ীর বাড়িতে চুরি করার সময় টের পেয়ে যাওয়ায় সেই ব্যবসায়ীকে কুপিয়ে খুন করে চোর।
গতকাল রবিবার রাজধানীর ধানমন্ডির পিবিআই সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এর আগে গত ৬ মার্চ মাসুম বিল্লাকে মাধবদী থেকে গ্রেপ্তার করা হয়। মাসুম হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।
সংবাদ সম্মেলনে পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি মো. এনায়েত হোসেন মান্নান বলেন, গত ১৪ নভেম্বর সন্ধ্যায় ব্যবসায়ী নির্মল দেবনাথের স্ত্রী মনি দেবনাথ ছেলেমেয়েদের সঙ্গে নিয়ে ভাইফোঁটা অনুষ্ঠানে অংশ নিতে বাবার বাড়ি যান। মিষ্টির দোকানের কাজ শেষে নির্মল দেবনাথ রাতে বাড়ি এসে ঘুমিয়ে পড়েন। পরের দিন সকালে ভুক্তভোগীর স্ত্রী-সন্তানরা বাড়ি এসে দেখেন খাটের ওপর নির্মল দেবনাথের ক্ষতবিক্ষত মরদেহ। কে বা কারা নির্মল দেবনাথকে খুন করে তার ব্যবহৃত সিম্ফনি বাটন মোবাইলটি নিয়ে গেছে।
এনায়েত হোসেন মান্নান বলেন, মামলাটির তদন্তে নেমে তথ্যপ্রযুক্তির মাধ্যমে ভুক্তভোগী নির্মল দেবনাথের মোবাইল ফোন উদ্ধার করার চেষ্টা করা হয়। একপর্যায়ে জানা যায়, মোবাইলটি ঠাকুরগাঁওয়ের হরিপুর থানা এলাকায় ব্যবহৃত হচ্ছে। গত ১ মার্চ দুপুরে ঠাকুরগাঁও থেকে লাইলী খাতুন নামে একজনকে মোবাইলসহ আটক করা হয়।
