রাজধানীর গুলিস্তানে বাসের ধাক্কায় ও দক্ষিণখান কসাইবাড়ি এলাকায় অটোরিকশার ধাক্কায় অজ্ঞাতপরিচয়ের দুই নারী নিহত হয়েছেন। তাদের বয়স ৬০ থেকে ৬৫ বছর। গতকাল রবিবার সকাল সাড়ে ৯টার দিকে গুলিস্তানে ও ৭টার দিকে দক্ষিণখানে এ দুর্ঘটনা দুটি ঘটে।
আশিয়ান বাসের লাইনম্যান মো. রাব্বি জানান, সকালে গুলিস্তান পাতাল মার্কেটের ১ নম্বর গেটের সামনে রাস্তা পার হচ্ছিলেন এক নারী। তখন আশিয়ান বাসের সঙ্গে ধাক্কা লাগে তার। তারাই ওই নারীকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
এদিকে মোস্তাকিম নামে এক কিশোর জানায়, সে অটোরিকশা চালায়। সকালে কসাইবাড়ি রেলগেটসংলগ্ন সড়কে এক নারী রাস্তা পার হওয়ার সময় তার অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হলে সে নিজেই ওই নারীকে হাসপাতালে নিয়ে আসে। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুরে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ : লক্ষ্মীপুরে ড্রাম ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আবদুর রহিম নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকচালক রুবেল ও শ্রমিক সাগর গুরুতর আহত হন।
গতকাল রবিবার সকালে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল জাতীয় মহাসড়কে (মজুচৌধুরীরহাট সড়ক) দুর্ঘটনাটি ঘটে।
নিহত আবদুর রহিম সদর উপজেলার মান্দারী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের আবদুল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মজুচৌধুরীর হাট থেকে বালু নিয়ে ড্রাম ট্রাকটি মান্দারীর দিকে যাচ্ছিল। ঘটনাস্থল পৌঁছালে বিপরীত দিক থেকে আসা হাইড্রোলিক পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই ড্রাম ট্রাকের শ্রমিক আবদুর রহিম মারা যান। গাড়িচালক রুবেল ও অন্য শ্রমিক সাগরকে গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে পাঠানো হয়।
