লিবিয়ায় ঐক্য সরকারের উদ্যোগ

আপডেট : ১১ মার্চ ২০২৪, ১০:২৬ পিএম

লিবিয়ায় ঐক্যের সরকার গঠনের জন্য সমঝোতা হয়েছে। দেশটির তিন গুরুত্বপূর্ণ নেতা গত রবিবার এ নিয়ে ঐকমত্যে পৌঁছান। এক দশকের বেশি সময় ধরে চলা সংঘাতপূর্ণ অবস্থা থেকে বের হয়ে আসতে এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ এক অগ্রগতি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলা হয়, ২০২১ সালে নির্বাচন আয়োজনের পরিকল্পনা হলেও এ নিয়ে অচলাবস্থা সৃষ্টি হয়। এখন নতুন করে সরকার গঠনের লক্ষ্যে প্রেসিডেন্টশিয়াল কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ মেনফি, ত্রিপোলিভিত্তিক হাই স্টেট কাউন্সিলের প্রধান মোহাম্মদ টাকালা এবং বেনগাজিভিত্তিক হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার আগুইলা সালেহর মধ্যে সমঝোতা হয়েছে।

ক্ষমতাকাঠামো নিয়ন্ত্রণকারী তিনটি গোষ্ঠীর হাত থেকে একক কোনো পক্ষের হাতে শাসনক্ষমতা হস্তান্তর করতে নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০১১ সালে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের বিমান হামলায় নিহত হন লিবিয়ার দীর্ঘদিনের শাসক মুয়াম্মার হোসেন গাদ্দাফি। ২০১৪ সালের দিকে দেশটি কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। কিছু দিন আগে ত্রিপোলি থেকে অস্ত্রধারী গোষ্ঠীগুলো সরে যায়। এরপর ঐক্য সরকার গঠনের উদ্যোগ সামনে এলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত