তামিমের ফেরা ‘খুব কঠিন’

আপডেট : ১১ মার্চ ২০২৪, ১১:০৯ পিএম

বাংলাদেশের ক্রিকেটে অনেক দিন ধরেই অমীমাংসিত হয়ে আছে তামিম ইকবাল ইস্যুটি। গত বছরের জুনে আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজ চলাকালে অবসর নেওয়ার পর প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আবারও ক্রিকেটে ফেরেন তিনি। তবে ক্রিকেটে ফিরলেও এখন পর্যন্ত জাতীয় দলে ফেরেননি।

সবশেষ শনিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, তামিমের সমস্যা কী, সেটাই ঠিকমতো জানেন না বলে এখনো সমাধান খুঁজে পাচ্ছেন না তিনি। তামিম দেশে ফিরলে এ বিষয়ে সুরাহার চেষ্টা করা হবে। সেই চেষ্টার অংশ হিসেবে রবিবার রাতে বিসিবির জ্যেষ্ঠ পরিচালক এনায়েত হোসেন সিরাজ ও ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে বৈঠকে বসেন তামিম ইকবাল। তামিমের ভাষ্যমতে যা তৃতীয় দফায় বিসিবি পক্ষের সঙ্গে তার বসা।

রবিবার রাতেই একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকার দেন তামিম। সেখানে খোলাখুলি না হলেও আফগান সিরিজের পর থেকে আট মাসে ঘটে যাওয়া অনেক নতুন-পুরনো কথা বলেন তামিম। ক্রিকেটপাগল জনগোষ্ঠীর বাংলাদেশে তামিম ইকবালকে আবার জাতীয় দলে দেখতে চাওয়া সমর্থকদের সংখ্যাই বেশি। এরপর বিপিএলের দশম আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক ও সিরিজসেরার পুরস্কার জিতে নিজের সামর্থ্যরে আবার প্রমাণ দিয়েছেন তামিম।

তবে যখনই প্রসঙ্গ উঠছে জাতীয় দলে ফেরার এক অদৃশ্য বাধা বারবার সেই পথ রোধ করছে। বৈঠকের পর বৈঠক চললেও সুরাহা হচ্ছে না। তামিম নিজেই সেই সাক্ষাৎকারে বলেছেন, ‘আমার জন্য আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা খুব কঠিন।’ কঠিনের ব্যাখ্যায় তিনি বলেছেন অনেক কিছু ‘ঠিক’ করার কথা। স্পষ্ট করে দিয়েছেন আরও একটি বিষয় ঠিক বলতে তিনি ‘পরিবর্তন’ বোঝাননি। সতীর্থ সাকিব আল হাসান, কোচ চন্ডিকা হাথুরুসিংহে, ইনজুরি নিয়ে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে দেওয়া ভুল তথ্য, তার ব্যাটিং অর্ডার, ড্রেসিংরুমের পরিবেশ এ বিষয়গুলোই যে সেই ঠিক করার আওতায় পড়ে তা বুঝতে বাকি থাকার কথা না।

তামিমের এই আপাতদৃষ্টিতে দেখে মনে হওয়া শর্ত সম্পর্কে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচশেষে মন্তব্য করেছেন বিসিবির পরিচালক ও ক্রিকেট অপারেশন্সের ভাইস চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। তিনি বলেছেন, ‘দেশ, জাতীয় দল-এসব অনেক আগে, অনেক ঊর্ধ্বে। এত বছর বাংলাদেশ দলকে সার্ভিস দিয়েছে। তামিম খেলতে চাইলে অবশ্যই খেলবে। কিন্তু শর্ত দিয়ে খেলবে একজন ক্রিকেটারের মুখ থেকে এ কথাটা শুনতে যেন কেমন শোনায়।’

সিরাজ ও ইউনুসের সঙ্গে বৈঠক শেষে তামিম জানিয়েছেন আরও একবার বিসিবি বৈঠকে বসবে তার সঙ্গে। শ্রদ্ধা দেখিয়ে সেই বৈঠকে অংশ নেবেন তামিম। হয়তো ওই বৈঠক শেষেই মিলবে চূড়ান্ত সিদ্ধান্ত। লাল-সবুজ জার্সিতে তামিম ইকবালকে আবার দেখা যাবে কি না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত