জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা জিএম কাদের বলেছেন, ‘সরকার দ্রব্যমূল্যের দাম কমাতে স¤পূর্ণ ব্যর্থ। দেশের বেশির ভাগ খাদ্যপণ্য আমদানিনির্ভর। যাদের বৈধ-অবৈধ টাকা আছে, তারাই আমদানীর সুযোগটা নিচ্ছে। সেই সঙ্গে বাইরে থেকে যারা আমদানির সঙ্গে জড়িত তারা সবাই প্রায় সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে। এই কারণে সরকার সিন্ডিকেটের কাছে জিম্মি।’ গতকাল সোমবার বিকেলে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সম্প্রতি রওশন এরশাদের কাউন্সিল প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা জিএম কাদের বলেন, সরকার বিভিন্নভাবে জাতীয় পার্টিকে দুর্বল করে রাখার জন্য বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে দলাদলির চেষ্টা করে আসছে।
এবার যেটা করা হচ্ছে, তারা জাতীয় পার্টির সঙ্গে সংশ্লিষ্ট কেউ নয়। তারা এখন পর্যন্ত যা কিছু করেছে তা আইনানুগ কিছুই নয়। মনে হচ্ছে সরকার এটাতে পৃষ্টপোষকতা করছে। আমরা মনে করব এ ধরনের বেআইনি পৃষ্টপোষকতা দূর না করা হয়, তাহলে বাংলাদেশের রাজনীতি স্বাভাবিকভাবে বাধাগ্রস্ত হবে এবং দেশ ও জাতি ক্ষতিগ্রস্ত হবে। ইউরোপিয়ান ইউনিয়নের বিবৃতি প্রসঙ্গে জিএম কাদের বলেন, সংসদের সমাপনী ভাষণে আমি বলেছি, নির্বাচন আইনগতভাবে হয়েছে, তবে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়নি।
