আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতি করত তারা

আপডেট : ১২ মার্চ ২০২৪, ০২:৪৪ এএম

একটি ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ওয়ারী বিভাগ। তারা সম্প্রতি দক্ষিণের জেলা বরগুনা থেকে আসা তিনজনকে রিকশা থামিয়ে ছিনতাইয়ের ঘটনায় জড়িত।

ডিবি জানিয়েছে, দেশের বিভিন্ন জেলা থেকে রাজধানীতে আসা সাধারণ মানুষকে টার্গেট করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ডাকাতি করে এই চক্র। তারা রিকশায় করে গন্তব্যে যাওয়া যাত্রীদের টার্গেট করত। এরপর পুলিশসহ নানা পরিচয়ে মারধর করে সর্বস্ব লুটে নিত। এমনকি টার্গেট করা ব্যক্তিদের বহনকারী রিকশাও লুটে নিত ডাকাত দলের সদস্যরা।

গতকাল সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ। গ্রেপ্তাররা হলো ডাকাত দলের সর্দার নাহিদ হোসেন ওরফে আনন্দ ও তার সহযোগী মো. বাবুল, মো. দেলোয়ার ওরফে রিপন, মো. মনতাজুল ও মো. রতন ইসলাম। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি করে নেওয়া টাকা ও ব্যবহৃত দুটি রিকশা উদ্ধার করা হয়।

মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, চলতি মাসের ৪ তারিখ ভোরে বরগুনা থেকে বাসে করে কবির হোসেনসহ তিনজন ঢাকায় আসেন। তারা সৌদি আরবে যাওয়ার জন্য পুরানা পল্টনের একটি এজেন্সির কাছে (ফিটনেস) মেডিকেল করার কাগজ জমা দিতে আসেন। ঘটনার দিন ভোর সাড়ে ৫টার দিকে বাস থেকে নেমে তিনজন মিলে যাত্রাবাড়ী সায়েদাবাদ বাস টার্মিনালে থেকে রিকশায় করে পল্টনের উদ্দেশে যাত্রা করেন। ডিএমপির ওয়ারী থানার শশী মোহন বসাক লেনে আসার পর পুলিশ পরিচয়ে রিকশার গতিরোধ করা হয়। পরে ভুক্তভোগী কবিরের কাছে থাকা প্রায় ৩৩ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় কবির বাদী হয়ে ওয়ারী থানায় মামলা করেন। মামলার ছায়া তদন্তে নামে ডিবির ওয়ারী বিভাগ। ঘটনাস্থলের আশপাশ এলাকার সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ডাকাতি করা এ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত