বিমানের নতুন গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট কমিশনিং ও যানবাহন প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বিমানের অপারেশনাল ও গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধি এবং অধিকতর উন্নয়নের লক্ষ্যে নতুন যানবাহন ও জিএসই সরঞ্জাম কেনা হয়েছে। গতকাল সোমবার এই প্রদর্শনীর আয়োজন করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের যানবাহন বিভাগ।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও অতিরিক্ত সচিব শফিউল আজিম আনুষ্ঠানিকভাবে জাপানের তৈরি আধুনিক ১৮টি ব্র্যান্ড নিউ এয়ারক্রাফট কার্গো/ব্যাগেজ টো-ট্রাক্টর, দুটি অত্যাধুনিক এয়ারক্রাফট পুশব্যাক টো-ট্রাক্টর এবং ক্রয়কৃত নতুন সেডান ভিআইপি কারগুলোর কমিশনিং করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম, বিমানের পরিচালকরা এবং বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
বিমানের যানবাহন শাখা জানায়, জিএসই বিভাগের অগ্রযাত্রার ধারাবাহিকতায় জাপানের টয়োটা টুসু করপোরেশনের তৈরি ১৮টি ব্র্যান্ড নিউ এয়ারক্রাফট কার্গো/ব্যাগেজ টো-ট্রাক্টর জিএসই বহরে সংযোজিত হওয়ায় গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম আরও উন্নত হবে। একই সঙ্গে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবায় সক্ষমতা বাড়াতে বিখ্যাত জিএসই নির্মাতা টিএলডি ফ্রান্সের তৈরি দুটি অত্যাধুনিক এয়ারক্রাফট পুশব্যাক টো-ট্রাক্টর জিএসই বহরে যুক্ত হওয়ায় ফ্লাইট অনটাইম ডিপার্চার নিশ্চিত করার ক্ষেত্রে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।
সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম সাংবাদিকদের বলেন, থার্ড টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং করার সক্ষমতা রয়েছে। বিমানকে লাভজন করতে যা যা করা দরকার তাই করা হচ্ছে। নারীদের দিয়ে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। বোয়িং নারী এয়ারবাস ক্রয় করা হবে সেই সিদ্ধান্ত এখনো হয়নি। দুই দেশের সংশ্লিষ্টরা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন।
