জুসের পাউডারে মাত্রাতিরিক্ত কেমিক্যাল!

আপডেট : ১২ মার্চ ২০২৪, ০৭:৫৪ পিএম

বাগেরহাটের মোরেলগঞ্জে বিএসটিআই-এর অনুমোদন থাকলেও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরির অভিযোগে টাটা ফুড অ্যান্ড কনজুমার প্রোডাক্ট নামে এক কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ মঙ্গলবার বিকেলে জেলার মোরেলগঞ্জ উপজেলার উত্তর পুঁটিখালী গ্রামের সহীদ মার্কেটে ভোক্ত অধিকার সংরক্ষণ বিভাগ ও র‌্যাব যৌথভাবে অভিযান চালিয়ে এই জরিমানা করে।

অস্বাস্থ্যকর পরিবেশে কোমল পানীয় জুসের পাউডার তৈরি এবং এক নামের লাইসেন্সে অন্য আরো পণ্য তৈরি করে তা বাজারজাত করার অভিযোগ রয়েছে কারখানাটির বিরুদ্ধে। এ সময় জুস তৈরির বিপুল পরিমাণ রাসায়নিক মিশ্রিত চিনি ও মোড়ক ধ্বংস করা হয়।

বাগেরহাট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মোরেলগঞ্জের উত্তর পুঁটিখালী গ্রামের সহীদ মার্কেটে গিয়ে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরির অভিযোগে টাটা ফুড অ্যান্ড কনজুমার প্রোডাক্ট নামের একটি কারখানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মার্কেটের দ্বিতীয় ও তৃতীয়তলা ভাড়া নিয়ে শেখ আলাউদ্দিন নামে এক ব্যক্তি বিএসটিআই থেকে অনুমোদন নিয়ে কারখানাটি চালু করেন।

তিনি জানান, এখানে যে কোমল পানীয়ের পাউডার তৈরি করছেন তার জন্য কোনো অভিজ্ঞ কেমিস্ট নেই। এখানকার শ্রমিকরা খোলামেলাভাবে অস্বাস্থ্যকর পরিবেশে তা তৈরি করছে। এখানে উৎপাদিত পণ্যে মাত্রাতিরিক্ত কেমিক্যাল ব্যবহার হচ্ছে যা মানবদেহের জন্য মারত্মক ক্ষতিকর। তিনি এই পণ্য দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করে আসছে। এ ছাড়া এই কারখানায় কাপড় ধোয়ার ডিটারজেন্ট পাউডারও তৈরি থাকে। আমরা এখানে ফাস্ট হোয়াইট নামে ডিটারজেন্ট পাউডারের বিপুল পরিমাণ মোড়ক পেয়েছি। ভোক্ত অধিকার সংরক্ষণ আইনে কারখানা মালিককে এক লাখ জরিমানা করা হয়েছে। এ সময় জুস তৈরির বিপুল পরিমাণ রাসয়নিক মিশ্রিত চিনি ও মোড়ক ধ্বংস করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত