জয়পুরহাটে প্রশাসনের বেঁধে দেওয়া দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করছেন না ব্যবসায়ীরা। রমজান উপলক্ষে নতুন দামের তালিকা টানানোর নির্দেশ থাকলেও দোকানিরা তা টানাননি।
বাজার ঘুরে দেখা গেছে, আদা প্রতি কেজি ২০০ টাকায় নির্ধারণ থাকলেও বিক্রি হচ্ছে ২৪০ টাকায়, সয়াবিন তেল প্রতি কেজি ১৪৯ টাকার পরিবর্তে ১৬৫ টাকা, বেগুন ৪০ টাকার পরিবর্তে ৬০ টাকাসহ অন্যান্য পণ্যের দামও ইচ্ছেমতো নিচ্ছেন দোকানিরা।
এদিকে, গতকাল মঙ্গলবার শহরের নতুনহাটে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ম্যাজিস্ট্রেট দেখেই পাইকারি ব্যবসায়ীরা ২০০ টাকার পরিবর্তে ১৮০ টাকা কেজিতে আদা ও ৫০ টাকার পরিবর্তে ৩৫ টাকা কেজিতে বেগুন বিক্রি শুরু করেন। ম্যাজিস্ট্রেট চলে গেলে দোকানিরা আবারও বেশি দামেই বিক্রি করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহবুব জানান, রমজান মাসজুড়ে মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত চলবে।
