সাংবাদিকদের সাবের

সাভারের ট্যানারির বর্জ্য ক্যানসারের ঝুঁকি তৈরি করছে

আপডেট : ১৫ মার্চ ২০২৪, ০৩:০০ এএম

সাভারের ট্যানারি থেকে যে বর্জ্য উৎপন্ন হয়, তাতে ক্রোমিয়ামের উপস্থিতি রয়েছে জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, এই রাসায়নিক পদার্থটি মানবদেহের জন্য মারাত্মক ঝুঁকির। শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে বিষয়টির সুরাহা করতে হবে।  গতকাল বৃহস্পতিবার সচিবালয়ের মার্কিন উন্নয়ন সংস্থা ইউএসএআইডি ও ঢাকা কলিংয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘ক্রোমিয়ামের কারণে ক্যানসার হয়, মানুষ মারা যায়। সেই ক্রোমিয়াম আমাদের ট্যানারি থেকে বের হয়ে আসছে। এটি খুবই দুঃখজনক।’

তিনি বলেন, ‘আমরা এত বড় একটি পরিকল্পনা নিলাম, হাজারীবাগ থেকে স্থানান্তর করলাম। হাজারীবাগে যখন এটি ছিল, তখন আশপাশের নদীগুলো মরল। এখন সেটি যেখানে স্থানান্তর করা হয়েছে, সেখানকার আশপাশের নদীগুলোকে শেষ করছি। কাজেই এখানে একটি বড় ধরনের পরিবর্তন আসা দরকার। আমরা তা করব।’

সাবের হোসেন চৌধুরী বলেন, এত দিন শিল্প মন্ত্রণালয় থেকে বলা হতো, সেখানে দূষণ হচ্ছে না। কিন্তু তারাও এখন বুঝতে পেরেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত