চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনা ঘটেছে। এতে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। শুক্রবার (১৫ মার্চ) দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রেল ক্রসিং এলাকার অদূরে কিছু শিক্ষার্থীর সাথে বাকবিতন্ডায় জড়ান স্থানীয় লোকজন। পরে তারা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। হামলায় বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী শাহাদাত ও মায়েশা আহত হন।
এদিকে শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক অবরোধ করেছে ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সিএফসি গ্রুপের নেতা-কর্মীদেরকে মূল ফটক অবরোধ করে অবস্থান নিতে দেখা যায়।
সার্বিক পরিস্থিতি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
