মৌলভীবাজারের কমলগঞ্জের কানিহাটি চা বাগানে কাজ করে বাড়ি ফেরার পথে দ্রুতগামী একটি প্রাইভেট কার চাপায় কুঞ্জ বালা মৃর্ধা নামে এক নারী চা শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (১৫ মার্চ) বিকাল ৫টার দিকে চাতলাপুর সড়কের ক্যামেলিয়া ডানকান হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদে কানিহাটি চা বাগানের সাধারণ চা শ্রমিকরা শমসেরনগর-চাতলাপুর সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভে বিক্ষুব্ধ নারী পুরুষ চা শ্রমিকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, কানিহাটি চা বাগানের নিয়মিত শ্রমিক কুঞ্জ বালা মৃর্ধা সেকশনে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। বিকাল পৌনে ৫টার দিকে ক্যামেলিয়া হাসপাতালের সামনের পাকা রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি প্রাইভেট কার তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে বাগানের ক্যামেলিয়া ডানকান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাগানের চা শ্রমিকরা দ্রুত বিচার দাবি করে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে শমসেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে আছে। আমি নিজেও সেখানে যাচ্ছি।’
