আ.লীগ নেতাদের বক্তব্যের প্রতিবাদ বিমানের

আপডেট : ১৬ মার্চ ২০২৪, ০১:৩৫ এএম

সর্বইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের নেতা ফারুক আহমেদ ফেসবুকে পোস্ট করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনস নিয়ে। তার পোস্টটি প্রবাসে থাকা বিভিন্ন দেশের আওয়ামী লীগ নেতারা শেয়ার করছেন। একই সঙ্গে দেশে থাকা আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতারা শেয়ার করছেন। পোস্টটি সাধারণ মানুষও শেয়ার করছে। পোস্টের প্রতিবাদ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

গত ১৪ মার্চ সর্বইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের নেতা ফারুক আহমেদ ফেসবুকে লিখেছেন, ‘বিমানের ভেতরটা দেখুন কী ফকফকা! আজকের (১৩ মার্চ) বিজি-২০২ লন্ডন থেকে ঢাকাগামী ফ্লাইটিতে ৬০ জন যাত্রী আছে, বাকি ১৭০টি সিট খালি। বিমানের এ অবস্থা দেখে কষ্ট হয়। গতকাল যখন বিমানের টিকিট কাটতে গেলাম তখন ট্রাভেল এজেন্ট আমাকে পাঁচ মিনিটের মধ্যে টিকিট কনফার্ম করতে বললেন। এজেন্ট আরও বললেন, যদি পাঁচ মিনিটের মধ্যে টিকিট কনফার্ম না করি তাহলে সিট পাওয়া যাবে না। আমরা কী এক আজব দেশের মানুষ। পৃথিবীতে আর একটি দেশ পাওয়া যাবে না, যারা এ রকম পাপী। আমরা আসলে মানুষ হওয়ার নই।’ ফারুক আহমেদের পোস্ট কপি করে নানা মন্তব্য জুড়ে দিয়ে শেয়ার করছেন আওয়ামী লীগের অন্য নেতারা। তারা নানা মন্তব্য করেন। এর প্রতিবাদ জানিয়ে বিমান গতকাল শুক্রবার এক বিজ্ঞপ্তি দিয়েছে। এতে বলা হয়, বিষয়টি নিয়ে বিমানের যাত্রী এবং সর্বসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এ পোস্ট বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সুনাম ক্ষুন্ন করার অপপ্রয়াস।

বিমান বলছে, এয়ারলাইনস ব্যবসায় লিন/পিক মৌসুম থাকে। রমজান মাসের শুরুর দিকে এবং মার্চ মাসে যুক্তরাজ্য থেকে বাংলাদেশের যাত্রী কম থাকে, কিন্তু যুক্তরাজ্যগামী যাত্রী থাকে অনেক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত