শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রফিকুল ইসলাম নামে এক যাত্রীর জুতা, ব্যাগ ও গায়ের পোশাক থেকে ১ কেজি ২২০ গ্রাম ওজনের ৩২টি সোনার চুড়ি উদ্ধার করা হয়েছে।
এই যাত্রীকে আটক করে থানায় দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। জুতা, ব্যাগ ও গায়ে থাকা পোশাকের ভেতরে লুকিয়ে রেখে ওই স্বর্ণালংকারগুলো আনা হয়েছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
গতকাল শুক্রবার সকাল ৯টায় জেদ্দা থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে (বিজি-১৩৬) চট্টগ্রাম আসেন রফিকুল। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় ব্যাগেজ স্ক্যানিং ও দেহ তল্লাশি করা হয়। স্ক্যানিংকালে ব্যাগের ভেতর সোনার গয়নার মতো বস্তুর আলামত মেলে। পরে তল্লাশি করে জুতার ভেতর বিশেষভাবে লুকানো এবং গায়ের পোশাক ও ব্যাগ থেকে ৩২টি স্বর্ণের চুড়ি বের করা হয়। উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য ১ কোটি ২২ লাখ টাকা।
বিমানবন্দরের দায়িত্বরত সহকারী কাস্টমস কমিশনার মহিউদ্দিন পাটোয়ারী জানান, ওই যাত্রী বিশেষ কায়দায় সোনার চুড়িগুলো জুতা, ব্যাগ ও গায়ে থাকা পোশাকের মধ্যে লুকিয়ে রেখেছিলেন। সোনার এসব অলঙ্কারের বৈধ কাগজ দেখাতে পারেননি। উদ্ধার করা স্বর্ণ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় নগরের পতেঙ্গা থানায় মামলা করা হয়েছে।
