জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১০ জন বিশিষ্ট ব্যক্তি ২০২৪ সালের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন। পুরস্কারজয়ীদের মধ্যে আছেন পাটের পলিথিন ব্যাগ উদ্ভাবনকারী মোবারক আহমদ খান। এ ছাড়া ২০২২ সালে সমাজসেবায় একুশে পদকজয়ী এসএম আব্রাহাম লিংকন এবার একই খাতে জিতেছেন বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক এ সম্মাননা।
গতকাল শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, এবার স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্ষেত্রে তিনজন, বিজ্ঞান ও প্রযুক্তিতে একজন, চিকিৎসাবিদ্যায় একজন পুরস্কার পাচ্ছেন। এ ছাড়া সংস্কৃতিতে একজন, ক্রীড়াক্ষেত্রে একজন এবং সমাজসেবায় তিনজন এ পুরস্কার পাচ্ছেন।
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য এ বছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন কাজী আবদুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা ফ্লাইট সার্জেন্ট মো. ফজলুল হক (মরণোত্তর) ও বীর মুক্তিযোদ্ধা শহীদ আবু নইম মো. নজিবউদ্দিন খাঁন (খুররম) (মরণোত্তর)।
পাটের পলিথিন ব্যাগ উদ্ভাবনের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে অবদানের জন্য এ পুরস্কার পাচ্ছেন ড. মোবারক আহমদ খান।
চিকিৎসাবিদ্যায় ডা. হরিশংকর দাশ, সংস্কৃতিতে গীতিকার, লেখক, চলচ্চিত্রের কাহিনিকার মোহাম্মদ রফিকউজ্জামান ও ক্রীড়ায় ফিরোজা খাতুনকে রাষ্ট্রের এ সর্বোচ্চ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
এ ছাড়া সমাজসেবা/জনসেবায় অবদানের জন্য অরণ্য চিরান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মোল্লা ওবায়েদুল্লাহ বাকী ও এসএম আব্রাহাম লিংকনকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে। আব্রাহাম লিংকন সমাজসেবার অবদান রাখার জন্য ২০২২ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক জেতেন।
২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে ১৯৭৭ সাল থেকে প্রতি বছর স্বাধীনতা পুরস্কার দিয়ে আসছে সরকার। এবার স্বাধীনতা পুরস্কারের ক্ষেত্রে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে ৫ লাখ টাকা, ১৮ ক্যারেট মানের ৫০ গ্রাম স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হবে।
