বগুড়া সদরে মুঠোফোন চুরির অভিযোগ তুলে সাওয়াল (২৫) নামে এক অটোরিকশা চালককে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জালাল উদ্দিন।
নিহত সাওয়াল বগুড়া শহরতলির ছোট কুমিড়া পশ্চিমপাড়ার আজিজুল হকের ছেলে। তার লাশ শুক্রবার দুপুরে শজিমেক হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন নিহতের প্রতিবেশী রেজাউল করিম, তার স্ত্রী সানু বেগম ও মেয়ে আশা খাতুন। বৃহস্পতিবার রাতেই নিহত সাওয়ালের বাবা আজিজুল হক পাঁচজনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা করলে তাদের গ্রেপ্তার করা হয়।
ইন্সপেক্টর জালাল উদ্দিন বলেন, সাওয়ালের প্রতিবেশী রেজাউল নামের এক ব্যক্তির বাসা থেকে কয়েক দিন আগে একটি মুঠোফোন চুরি হয়। ওই ঘটনায় জড়িত সন্দেহে তিনি সাওয়ালকে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাড়ি থেকে ডেকে নেন। পরে বাড়ির পাশের একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রেখে রেজাউল, তার স্ত্রী ও মেয়ে মিলে সাওয়ালকে পেটায়। মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
