নড়াইলের এক উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই ইউএনওর দেহরক্ষী আনসার সদস্য আকাশ বিশ্বাসকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
জানা গেছে, গত ১৭ ফেব্রুয়ারি অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ওই ইউএনওর ব্যবহৃত ফোন নম্বর ও হোয়াটসঅ্যাপে কল করে জানায়, তার কাছে ইউএনওর একটি অশ্লীল ভিডিও রয়েছে। ১০ লাখ টাকা দিলে ভিডিওটি ডিলিট করে দেওয়া (মুছে ফেলা) হবে। টাকা না দিলে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে। এ ছাড়া ইউএনওর ওপর হামলারও হুমকি দেওয়া হয়। এসব কথা বলে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি ইউএনও ও তার স্ত্রীর মোবাইল ফোনে কল করে একাধিকবার হুমকি দেয়।
চাঁদাবাজ চক্রের ফাঁদে পড়ে ইউএনওর স্ত্রী একটি ব্যাংকের মাধ্যমে কয়েক দফায় ১০ লাখ টাকা দেন। এরপর আরও টাকা চাওয়ায় থানায় মামলা করেন ওই ইউএনওর স্ত্রী। এ ঘটনায় ইউএনওর দেহরক্ষী আকাশ বিশ্বাস জড়িত বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়ে। আকাশ প্রায় তিন বছর ধরে ওই উপজেলার ইউএনওর দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সংশ্লিষ্ট থানার ওসি গণমাধ্যমকে বলেন, ১২ মার্চ ইউএনওর স্ত্রী মামলাটি করেন। মামলায় আকাশ বিশ্বাস চাঁদাবাজির সঙ্গে জড়িত বলে উল্লেখ করা হয়। ওইদিনই তাকে গ্রেপ্তার করা হয়।
