সাভারের বিনোদবাইদ এলাকায় দোকান থেকে ডেকে নিয়ে কাঠমিস্ত্রি সোহেল মোল্লা (২৫) কুপিয়ে হত্যার ঘটনায় মূলহোতা ও কিশোর গ্যাং লিডার আল আমিন (১৯) ও তার সহযোগী সজিব হোসেনকে (২৩) গ্রেপ্তার করেছে র্যাব-৪। গতকাল শুক্রবার ধামরাইয়ের কালামপুর ও সাভার আনন্দপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব-৪।
গ্রেপ্তারকৃতদের মধ্যে কিশোর গ্যাং লিডার মো. আল আমিনের বাড়ি ঝালকাঠি। তিনি সোহেল মোল্লা হত্যা মামলার প্রধান আসামি। তার সহযোগী সজিব হোসেন ঢাকা জেলার বাসিন্দা।
র্যাব জানায়, গত ১১ মার্চ রাতে কিশোর গ্যাং লিডার আল আমিন ও তার সহযোগীরা সিগারেট খাওয়ার কথা বলে ডেকে নিয়ে কাঠমিস্ত্রি সোহেল মোল্লাকে সাভার বাজার রোডের বিনোদবাইদ এলাকায় একটি মার্কেটের পেছনে পরিত্যক্ত ফাঁকা জায়গায় ডেকে নিয়ে ধারালো চাকু দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন সোহেলকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা ও র্যাবকে অবহিত করেন।
গ্রেপ্তারকৃতদের বরাদ দিয়ে র্যাব জানায়, প্রাথামিক জিজ্ঞাসাবাদে জানা যায় কিশোর গ্যাং লিডার আল আমিন পূর্বশত্রুতার জেরে পরিকল্পনা অনুযায়ী পকেটে থাকা ধারালো চাকু দিয়ে কাঠমিস্ত্রি সোহেল মোল্লার বুকের বাম পাশেসহ শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি আঘাত করে রক্তাক্ত জখম করে ঘটনাস্থল হতে দ্রুত পালিয়ে যায়। পরে আসামি আল আমিন হত্যাকান্ডের ব্যবহৃত চাকুটি সহযোগী সজিব হোসেনের কাছে জমা রেখে বরিশাল, ঝালকাঠিসহ ঢাকার বিভিন্ন স্থানে আত্মগোপন করে।
