সড়ক দুর্ঘটনার পর তিন মাস বিছানায় হকার হানিফ

আপডেট : ১৭ মার্চ ২০২৪, ০১:৫৮ এএম

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে তিন মাস ধরে শয্যাশায়ী হয়ে আছেন হকার আবু হানিফ। স্ত্রী ও স্কুল-কলেজপড়ুয়া তিন সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। সুস্থ হয়ে ফের পত্রিকা নিয়ে পাঠকের দ্বারে পৌঁছে দেওয়ার অপেক্ষার প্রহর গুনছেন আবু হানিফ।

জানা গেছে, গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর, চা-বাগানসহ বিভিন্ন এলাকায় দেশ রূপান্তরসহ বিভিন্ন জাতীয় পত্রিকা বিলি করেন আবু হানিফ। গত ১৬ জানুয়ারি চা-বাগান মোড়ে রাস্তার পাশে তিনি পত্রিকা নিয়ে মোটরসাইকেলে বসেছিলেন। এমন সময় পেছন থেকে দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। তার ডান পা ভেঙে যায়। তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। দীর্ঘ দিন তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিছু দিন ধরে তিনি ভাওয়াল মির্জাপুরে বাড়িতে অবস্থান করছেন। স্ত্রী একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তার দুর্ঘটনার পর স্ত্রী চাকরি ছেড়ে স্বামীর দেখাশোনা করছেন। বড় মেয়ে অনার্স   শেষ করেছেন। ছোট মেয়ে এইচএসসিতে পড়াশোনা করে। একমাত্র ছেলে ১০ম শ্রেণিতে পড়ে। তার চিকিৎসা করতে প্রতিদিন বিপুল পরিমাণ টাকা ব্যয় করতে হয়। যা তার পরিবারের পক্ষে মেটানো সম্ভব হচ্ছে না। তিনি বিত্তবানদের কাছে সহযোগিতা কামনা করেছেন। তিনি যেন সুস্থ হয়ে ফের পত্রিকা নিয়ে পাঠকের দুয়ারে যেতে পারেন, সে জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত