ট্রেন ভ্রমণে খরচ বাড়ছে

আপডেট : ১৭ মার্চ ২০২৪, ০৩:১৯ পিএম

ট্রেন ভ্রমণে বেশি দূরত্বের ক্ষেত্রে যাত্রীদের রেয়াত (ছাড়) দেয় রেলওয়ে। তবে সেটি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আগামী ১ এপ্রিল থেকেই কার্যকর হতে পারে বলে রেলওয়ের একটি সূত্র জানিয়ছে। এতে ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে ভ্রমণকারীদের খরচ ১০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বাড়বে। তবে ১০০ কিলোমিটারের কম দূরত্বের খরচ বাড়বে না।

রেয়াত বাতিলের প্রস্তাবনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২ মার্চ অনুমোদন দিয়েছে বলে রেলওয়ে সূত্র জানিয়েছে। এরপর রেলপথ মন্ত্রণালয় তা বাস্তবায়ন করতে রেল কর্তৃপক্ষকে চিঠি দেয়। আগামী ১ এপ্রিল তা থেকে ছাড় প্রত্যাহারের বিষয়টি কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে।

যদিও গতকাল সাংবাদিকদের রেলপথমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম বলেছিলেন, আপাতত রেলযাত্রীদের ভাড়া বৃদ্ধির সম্ভাবনা নেই। তবে রেলের যে ভাড়া নির্ধারণ করা হয়েছে, সেটি ২০১৬ সালে বৃদ্ধি করা হয়েছে। অনেক জিনিসপত্রের দাম বেড়েছে। ভাড়া বৃদ্ধি করা হলে সবাইকে সঙ্গে নিয়ে আলাপ-আলোচনার ভিত্তিতে করা হবে।

যাত্রীদের এই খরচ বৃদ্ধিকে ভাড়া বাড়ানো হচ্ছে বলে মানতে রাজি নয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রেলের দাবি, শুধু একটা সুবিধা বাতিল করা হচ্ছে। নতুন করে ভাড়া বাড়ানো হচ্ছে না।

রেলওয়ের রেয়াতি ব্যবস্থায়, ট্রেনের ভাড়ায় ১০০ কিলোমিটারের পরবর্তী ১৫০ কিলোমিটার ২০ শতাংশ ছাড় দেওয়া হয়। অর্থাৎ ১০১ থেকে ২৫০ কিলোমিটারে মেলে ২০ শতাংশ ছাড়। এরপর ২৫১ থেকে ৪০০ কিলোমিটার পর্যন্ত ২৫ শতাংশ এবং ৪০১ থেকে তদূর্ধ্ব কিলোমিটার পর্যন্ত ৩০ শতাংশ ছাড় দেওয়া হয়।

এ ছাড়া অগ্রিম আবেদনের মাধ্যমে সংযুক্ত বাড়তি কোচ বা বাড়তি চাহিদার সময়ে সংযোজিত কোচের টিকিটে শোভন শ্রেণির ক্ষেত্রে ২০ শতাংশ, স্নিগ্ধা ও অন্যান্য উচ্চশ্রেণিতে ৩০ শতাংশ রিজার্ভেশন সার্ভিস চার্জ আরোপ করার প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ।

রেলওয়ে সূত্র জানায়, বর্তমানে রেলে প্রতি কিলোমিটারে ভিত্তি ভাড়া ৩৯ পয়সা। এর সঙ্গে শীতাতপনিয়ন্ত্রিত (এসি) ও অন্যান্য উচ্চ শ্রেণির বিভিন্ন হারে ভাড়া যোগ হয়। সঙ্গে যোগ হয় ভ্যাট। এভাবেই মোট ভাড়া নির্ধারণ করা হয়। এবার ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে আরও বাড়তি ভাড়া যোগ হবে।

রেলের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সরদার সাহাদাত আলী বলেন, ট্রেনের ভাড়া বাড়ানো হবে না, এত দিন কিলোমিটারের ওপর যে ছাড় দেওয়া হতো সেই সুবিধাটা বাতিল করা হচ্ছে। এতে করে নতুন ভাড়া সমন্বয় করা হবে। 

জ্বালানিসহ অন্যান্য যন্ত্রাংশের দাম বৃদ্ধিতে রেলের ব্যয় বৃদ্ধি পেয়েছে, ব্যয়ের বিপরীতে আয় বাড়ানোর লক্ষ্যে রেয়াত বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত