পেশাগত দায়িত্ব পালনের সময় চট্টগ্রামের দোহাজারী পৌরসভায় এক সাংবাদিকের মোবাইল ফোনসেট ভেঙে ফেলেছেন একটি ওয়ার্ডের কাউন্সিলর। ওই সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছনা করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী সাংবাদিক আবু তালেব আনছারী দৈনিক ভোরের কাগজের চন্দনাইশ প্রতিনিধি ও চন্দনাইশ প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি। হামলাকারী মোহাম্মদ ইদ্রিচ মিয়া দোহাজারী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। গতকাল রবিবার দুপুর ১২টায় দোহাজারী পৌরসভার সহকারী প্রকৌশলী নাঈম উদ্দীনের কক্ষে গিয়ে তার কাছে ওই ওয়ার্ডে চলমান কয়েকটি প্রকল্পের তথ্য চাইলে ইদ্রিচ মিয়া এ হামলা চালান। এ ঘটনায় বিকেলে চন্দনাইশ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন আবু তালেব আনছারী।
ডায়েরি সূত্রে জানা যায়, আবু তালেব আনছারী রবিবার দোহাজারী পৌরসভা অফিসে সহকারী প্রকৌশলী নাঈম উদ্দীনের কাছ থেকে দোহাজারী পৌরসভার চলতি কয়েকটি প্রকল্পের তথ্য জানতে চান। এ সময় ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইদ্রিচ মিয়া ক্ষিপ্ত হয়ে তার মোবাইল ফোন কেড়ে নেন এবং ওই সব প্রকল্প নিয়ে তোলা ছবিগুলো মোবাইল থেকে মুছে দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে ফোনসেটটি ভেঙে ফেলেন ইদ্রিচ মিয়া। এ সময় আবু তালেব আনছারীকে লাঞ্ছিত করে এসবের সংবাদ প্রকাশ করলে হত্যার হুমকি দেন।
চন্দনাইশ থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা বলেন, ‘সংবাদকর্মীর ওপর হামলার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
