ঝুট ব্যবসা দখল নিয়ে দুপক্ষের অস্ত্রের মহড়া

আপডেট : ১৮ মার্চ ২০২৪, ০৪:০৩ এএম

গাজীপুরে একটি কারখানায় ঝুট ব্যবসা দখল করাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এতে ওই এলাকায় রামদা, ধারালো দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। গতকাল রবিবার বিকেল ৩টার দিকে গাজীপুর মহানগরীর ৩২ নম্বর ওয়ার্ডের বসুরা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় জেকেএস প্যাকেজিং কারখানা থেকে প্রতি মাসে বেশ কিছু পরিমাণ পরিত্যক্ত মালামাল বের হয়। এই মালামাল নিয়ে প্রভাবশালী দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল বিকেলে স্থানীয় শফিকুল ইসলাম সাফির নেতৃত্বে একদল যুবক দেশীয় অস্ত্র নিয়ে কারখানার সামনে অবস্থান নেয়। পরে কারখানা কর্তৃপক্ষ স্থানীয় কাউন্সিলর রফিকুল ইসলামকে জানালে তিনি লোকজন নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। খবর পেয়ে গাছা থানার পুলিশ ঘটনাস্থলে গেলে সাফি ও তার লোকজন এলাকা ত্যাগ করে।

কারখানা কর্তৃপক্ষ জানায়, তার প্যাকেজিং কারখানার সঙ্গে নতুন একটি নির্মাণাধীন কারখানার ভেতরে জোর-পূর্বক স্থানীয় সাফি আস্তানা গড়ে তুলেছেন। বারবার নিষেধ করলেও তারা তা আমলে না নিয়ে নানা ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে থানা-পুলিশকে অবহিত করা হয়েছে। স্থানীয়রা আরও জানান, শফিকুল ইসলাম সফি বিরোধী দলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও এলাকায় প্রভাব বিস্তার করে চলেছে।

গাছা থানার ওসি শাহ আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে উভয় পক্ষ চলে যায়। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত