আবাহনীর ১৬ গোল

আপডেট : ১৯ মার্চ ২০২৪, ০৩:০০ এএম

ভিক্টোরিয়া এফসির বিপক্ষে ম্যাচ মানেই যেন প্রতিপক্ষের গোল উৎসবের উপলক্ষ! প্রিমিয়ার ডিভিশন হকিতে দলটির গত পাঁচ ম্যাচের দিকে তাকালে তাই দেখা যাচ্ছে। এরই মধ্যে গোল হজমের ‘হাফসেঞ্চুরি’ পূরণ করে ফেলেছে। গতকাল আবাহনীও তাদের গোলের বন্যায় ভাসিয়েছে। ১৬-০ গোলে জয়ের ম্যাচে হ্যাটট্রিক করেছেন তিনজন।

পাঁচ ম্যাচে ভিক্টোরিয়া হজম করেছে ৫১টি গোল। চলমান লিগে এখন পর্যন্ত সবচেয়ে বেশি গোল খাওয়া ভিক্টোরিয়াই। আবাহনী এ নিয়ে প্রতিপক্ষের জালে গোল দিল ৪১টি।

টানা পঞ্চম জয় তুলে নেওয়া ম্যাচে আবাহনীর উদযাপনের শুরু প্রথম মিনিট থেকে, অধিনায়ক আশরাফুল ইসলামের পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদের মধ্য দিয়ে। পরে ১৬ ও ৩৯তম মিনিটের গোলে হ্যাটট্রিক পূরণ করেন এই ‘পিসি স্পেশাল্টি’। ৫১তম মিনিটে নিজের চতুর্থ গোল করেন আশরাফুল।

ওবায়দুল হোসেন জয় খাতা খোলেন নবম মিনিটের ফিল্ড গোলে। ১৩ ও ২২তম মিনিটের গোলে হ্যাটট্রিক পূরণের পর ৩৭তম মিনিটে চতুর্থবার জালের দেখা পান তিনি। পুষ্কর ক্ষীসা মিমোও করেছেন চারটি গোল। একাদশ মিনিটে লক্ষ্যভেদ করে যাত্রা শুরু করেন হ্যাটট্রিকের পথে। ২৬ ও ৩৪তম মিনিটের গোলে হ্যাটট্রিক পূরণের পর ৫০তম মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে করেন ব্যক্তিগত চতুর্থ গোলটি।

এর পাশাপাশি হুজাইফা হোসেন দুইবার এবং ফরহাদ আহমেদ শিটুল ও রাকিবুল হাসান একবার করে জালের দেখা পান। পাঁচ ম্যাচের সবগুলো জিতে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে আছে আবাহনী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত