দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ২০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। রোগীর এই সংখ্যা গত ৪০ দিনের মধ্যে সর্বোচ্চ। এর আগে একদিনে এর চেয়ে বেশি রোগী ভর্তি হয়েছিল ৭ ফেব্রুয়ারি, ২৫ জন।
নতুন রোগীদের মধ্যে চট্টগ্রাম বিভাগে ১০, রাজধানীতে ৭ এবং বরিশাল, ঢাকা ও খুলনা বিভাগে একজন করে ভর্তি হয়। এসব রোগীর মধ্যে ১০ নারী ও ১০ জন পুরুষ।
এ নিয়ে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৬৬ জন। তাদের মধ্যে নারী রোগী ৫৭৮ ও পুরুষ ৯৮৮ জন। এসব রোগীর মধ্যে সর্বোচ্চ ভর্তি হয়েছে চট্টগ্রাম বিভাগে ৪০১ ও সর্বনিম্ন গাজীপুর সিটি করপোরেশনে তিনজন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর জানুয়ারিতে রোগী ছিল ১ হাজার ৫৫ জন ও সে মাসে মৃত্যু ছিল ১৪ জনের। ফেব্রুয়ারিতে রোগী ছিল ৩৩৯ ও মারা যায় তিনজন। এ মাসে এখন পর্যন্ত রোগী পাওয়া গেছে ১৭২ ও মারা গেছে তিনজন।
করোনা রোগী কমেছে ২৬% : দেশে গত সপ্তাহে (১১-১৭ মার্চ) করোনা রোগী তার আগের সপ্তাহের চেয়ে (৪-১০ মার্চ) ২৬ শতাংশ কমেছে। গত সপ্তাহে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২৪১ জন। তার আগের সপ্তাহে শনাক্ত হয়েছিল ৩২৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত চার সপ্তাহের মধ্যে (১৯ ফেব্রুয়ারি-১৭ মার্চ) প্রথম ও দ্বিতীয় সপ্তাহে তার আগের সপ্তাহের তুলনায় ৩ শতাংশ করে রোগী বাড়ে। তৃতীয় সপ্তাহে দ্বিতীয় সপ্তাহের চেয়ে ৮ শতাংশ রোগী কমে।
