কালিয়াকৈরে দগ্ধ আরও চারজনের মৃত্যু

আপডেট : ১৯ মার্চ ২০২৪, ০২:১৩ এএম

গাজীপুর কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের ঘটনায় আরও দুই শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। এরা হলো সোলাইমান (১০), রাব্বী (১১), জহিরুল ইসলাম কুটি (৩২) ও মোতালেব হোসেন (৪৮)। এ নিয়ে ঘটনাটিতে মারা গেল মোট ১০ জন। গতকাল সোমবার ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যায় শিশু দুটি। আর গত মধ্যরাতে মারা যান বাকি দুজন।

তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম জানান, সোলাইমানের শরীরের ৮০ শতাংশ, রাব্বির ৯০ শতাংশ, মোতালেবের ৯৫ শতাংশ ও জহিরুলের ৬৫ শতাংশ দগ্ধ হয়েছিল। পোস্ট অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন মোতালেব হোসেন, আর বাকি তিনজন আইসিইউতে মারা গেছেন।

তিনি জানান, এ ঘটনায় চিকিৎসাধীন থাকা তিনজনের ছুটি হয়েছে। বাকি ১৯ জন ভর্তি। যাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।

মৃত সোলাইমানের মামা মো. সোহাগ জানান, ময়মনসিংহের ফুলপুর থানার বালুকজান গ্রামের শফিকুল ইসলামের ছেলে সোলাইমান। বাবা-মায়ের সঙ্গে কালিয়াকৈরে থাকত। স্থানীয় একটি মাদ্রাসায় পড়ত সে। এ ঘটনায় পরিবারটির সবাই সুস্থ থাকলেও গ্যাস সিলিন্ডার লিকেজ হওয়ার পর সেটি দেখতে গিয়ে দগ্ধ হয়েছিল সোলাইমান।

এদিকে রাব্বীর বাবা শাহআলম জানান, তাদের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তারটিয়া গ্রামে। পরিবার নিয়ে গত আট বছর যাবৎ গাজীপুরে থাকেন তিনি। সেখানে ফেরি করে আইসক্রিম বিক্রি করেন। চার ভাই-বোনের মধ্যে দ্বিতীয় ছিল রাব্বী। গত পাঁচ বছর আগে রাব্বীর মা নাজমা বেগম অসুস্থ হয়ে মারা যান। এরপর দ্বিতীয় বিয়ে করেন তিনি। দ্বিতীয় স্ত্রীর কাছে থাকত রাব্বী। রাব্বী নাটোর ক্যান্টনমেন্ট স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ত। বাবার কাছে বেড়াতে এসেছিল রাব্বী। আসার পর সেখানে আগুনে দগ্ধ হয়।

মৃত জহিরুলের ভাতিজা মো. বাবু জানান, তাদের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ভেড়াখোলা গ্রামে। বর্তমানে স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে গাজীপুর কালিয়াকৈরে ভাড়া থাকতেন। সেখানে মাছের ব্যবসা করতেন জহিরুল।

মৃত মোতালেবের মেয়ে মনিরা খাতুন জানান, তাদের বাড়ি টাঙ্গাইল মধুপুর উপজেলার ইদুলপুর গ্রামে। কালিয়াকৈরে ভাড়া থাকতেন তার বাবা-মা। পেশায় তেমন কিছুই করতেন না তার বাবা। এ ঘটনায় তার মা রমিছা বেগমও (৩৮) দগ্ধ হয়েছেন। তার শরীরের ৩ শতাংশ পুড়ে গেছে। তিনিও বার্ন ইনস্টিটিউটে ভর্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত