নিখুঁতভাবে নকল মোবাইল ফোন তৈরি করে তিন তরুণ

আপডেট : ১৯ মার্চ ২০২৪, ১২:৩৮ পিএম

নকল মোবাইল ফোন তৈরির অভিযোগে তিন তরুণকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে মোবাইল তৈরির যন্ত্রাংশসহ বিভিন্ন ব্র্যান্ডের ৩১৭টি নকল মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

ডিবি বলছে, চক্রটির সদস্যরা দীর্ঘদিন ধরে ভিভো, অপো, আইফোন, রেডমি, রিয়েলমি স্মার্টফোন ও নকিয়া বাটন ফোনের মাদারবোর্ড ও বিভিন্ন নিম্নমানের যন্ত্রাংশ সংগ্রহ করে এসব নামিদামি ব্র্যান্ডের নকল ফোন তৈরি করে আসছে।

গতকাল সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) হারুন অর রশীদ। এর আগে রাজধানীর কলাবাগান থানায় করা একটি মামলায় কলাবাগানের ইস্টার্ন প্লাজায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন মো. আল-আমিন হোসেন, মো. শিমুল ও মো. রাসেল। গ্রেপ্তার আল-আমিন হোসেন অষ্টম শ্রেণি, শিমুল এইচএসসি ও রাসেল পঞ্চম শ্রেণি পাস।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) হারুন অর রশীদ বলেন, তারা এসব নকল ফোন আইএমইআই স্টিকার, ফোনের বক্সসহ অন্যান্য সামগ্রী তৈরি করে রাজধানীর মোতালেব প্লাজা, নাহার প্লাজাসহ ঢাকার বাইরে বিভিন্ন ব্যবসায়ীর কাছে কুরিয়ারের মাধ্যমে বিক্রি করে আসছিল। পরে ব্যবসায়ীরা এসব ফোন সেকেন্ডহ্যান্ড বলে নির্ধারিত মূল্যের অর্ধেক দামে বিক্রি করেন সাধারণ ক্রেতাদের কাছে। তাদের এই নকল ফোন দেখতে বিভিন্ন ব্র্যান্ডের অরজিনাল ফোনের মতো। এমনকি অরজিনাল ফোনের অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয় এসবে।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, চক্রটি কলাবাগানের ইস্টার্ন প্লাজার সপ্তমতলায় এই নকল ফোন তৈরি করত। যদিও তারা এত বেশি লেখাপড়া জানে না কিন্তু তারা বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের হুবহু নকল ফোন তৈরি করে আসছিল। নকল ফোন তৈরির যন্ত্রাংশ তারা বিভিন্ন উপায়ে সংগ্রহ করত। প্রথমতো তারা বিভিন্ন চোরাই ফোনের যন্ত্রাংশ কিনত এবং কিছু কিছু ক্ষেত্রে বিদেশ থেকে নিম্নমানের যন্ত্রাংশ এনে এসব নকল ফোন তৈরি করে আসছে। তাদের কাছে আরও যে যন্ত্রাংশ ছিল সেগুলো দিয়ে তারা প্রায় হাজারখানেক নকল মোবাইল ফোন তৈরি করতে পারত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত