কিশোরগঞ্জ ভৈরবে নিখোঁজের সাত দিন পর ডোবা থেকে আল-আমিন নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে পৌর শহরের স্টেডিয়াম পাড়া এলাকার ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। আল-আমিন শহরের কমলপুর গাছতলাঘাট এলাকার আব্দুস সালামের ছেলে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, আল-আমিন গত ১২ মার্চ সকালের পর থেকে নিখোঁজ ছিলেন। বিভিন্ন জায়গায় সন্ধান করেও তার খোঁজ পাওয়া যায়নি। আজ মঙ্গলবার দুপুরে স্থানীয়রা ডোবায় কুচুরিপনার ভেতরে একটি মরদেহ দেখতে পেয়ে ভৈরব থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
আল-আমিনের পরিবারের দাবি, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আল আমিনকে। এ বিষয়ে নিহতের বড় বোন মুন্নি বলেন, প্রথম রোজা থেকে আমার ভাইকে খুঁজে পাওয়া যায়নি। তারপর আমার ভাইয়ের সন্ধানের জন্য থানায় নিখোঁজের অভিযোগ করতে গেলে থানার ওসি ও এসআই নাজমুল আমাদের লিখিত অভিযোগ নেননি। তারা আমাদের গালাগালি করে বের করে দেন।
নিহতের ভাই রাকিব জানান, স্থানীয় রনি নামের এক যুবকের সাথে দীর্ঘদিন যাবত আল-আমিনের দ্বন্দ্ব চলছিল। রনি কিছু দিন পূর্বে মিথ্যা অভিযোগে তার ভাইকে জেলও খাটিয়েছে। তাই রনি এই হত্যাকাণ্ডে জড়িত বলে তার দাবি।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, নিখোঁজের অভিযোগ থানায় রাখেনি এমন কিছু আমার জানা নেই। তবে ডোবায় মরদেহের খরব পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সোনার দাম কমল, কাল থেকে কার্যকর
সাকিবের ‘কিংস পার্টিতে’ যোগদানের বিষয়ে জানত না আ.লীগ
রাজধানীতে ঝোড়ো হাওয়ার সঙ্গে ঝুম বৃষ্টি