আজ সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী

আপডেট : ২০ মার্চ ২০২৪, ০২:৩৫ এএম

সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী আজ। নানা কর্মসূচিতে তার জন্মস্থান ভৈরবে দিনটি পালন করবে আওয়ামী লীগ ও তার স্বজনরা। কর্মসূচির মধ্যে রয়েছে কোরআনখানি, মিলাদ, দোয়া, কালোব্যাজ ধারণ, প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও আলোচনা সভা।

অহিংস রাজনীতির প্রবাদপুরুষ, ভাষাসৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জিল্লুর রহমান দেশের ১৯তম রাষ্ট্রপতি থাকাকালীন ২০১৩ সালের ২০ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান। ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন।

এর আগে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং সংসদের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া স্বাধীনতার পর তিনি তিনবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।

ভৈরব শহরের ভৈরবপুর মহল্লার বলাকি মোল্লাবাড়িতে ১৯২৯ সালের ৯ মার্চ জিল্লুর রহমানের জন্ম।

১৯৭০ সালে তিনি পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য (এমএনএ) নির্বাচিত হন। তিনি কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসন থেকে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হন। মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী এবং ২০০৪ সালে জনসভায় গ্রেনেড হামলায় নিহত বেগম আইভি রহমান তার স্ত্রী ছিলেন। সন্তান নাজমুল হাসান পাপন বর্তমানে যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব পালন করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত