ঈদে বাড়তি ভাড়া আদায় করলে বাস বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা। তিনি বলেছেন, ‘অনেক পরিবহনই ঈদের সময় অতিরিক্ত ভাড়া আদায় করে। যেসব বাস কোম্পানি সুনামের সঙ্গে কাজ করছে তাদের কোনো বাস যদি ভাড়া বেশি নেয়, তাহলে আমাদের জানাবেন। আমাকে জানাবেন, ব্যবস্থা নেব। ওই গণপরিবহনের চলাচল বন্ধ করে দেওয়া হবে।’
পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে মহাসড়ক/সড়কপথে যাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও যানজটমুক্ত রাখার লক্ষ্যে আয়োজিত মতবিনিময়সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।
রাঙ্গা বলেন, ‘এবারের ঈদে সম্ভাব্য কোন এলাকায় জট, যানজট বা ব্লক তৈরি হতে পারে, তা চিহ্নিত করা হয়েছে। আমরা এবার হাইওয়েতে ঈদযাত্রায় ড্রোনের সহায়তা নিচ্ছি। ড্রোনের সহায়তায় অবস্থা দেখে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারব। হাইওয়ের অনেক রাস্তা চার লেন হচ্ছে। কোথাও কোথাও হয়ে গেছে। এখন রাস্তায় যদি কোনো যানবাহন তাৎক্ষণিক অকেজো হয়ে পড়ে, তাহলে সেটি এখন সরানো সহজ হবে। ত্রুটিপূর্ণ কোনো যানবাহন যাতে ঈদে সড়কে না নামে, তা নিশ্চিত করতে আমরা নির্দেশনা দিয়েছি।’
