আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ব্যাপক প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান পদপ্রার্থী ফেনীর ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আনন্দপুর ইউপি চেয়ারম্যান হারুন মজুমদার। তিনি নির্বাচনী এলাকায় হাট-বাজারে গিয়ে কুশল বিনিময় করছেন ভোটারদের সঙ্গে।
হারুন মজুমদার বলেন, সাধারণ মানুষের প্রার্থী হচ্ছি। সবাই আমার পক্ষে কাজ করছে। উপজেলা আওয়ামী লীগের নেতারা আমার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। আশা করছি আমরা জয়ী হব।
তিনি বলেন, উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নসহ সর্বস্তরের মানুষের উন্নয়নের জন্য কাজ করব। সম্মিলিত উদ্যোগে মরণ নেশা মাদকের হাত থেকে যুব সমাজকে রক্ষা করব।
ফুলগাজী উপজেলা পরিষদ নির্বাচনে তিনজন প্রার্থী আলোচনায় রয়েছেন। এর মধ্যে ফেনী জেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ আবদুল্লাহ, ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল আলিম মজুমদার এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আনন্দপুর ইউপি চেয়ারম্যান হারুন মজুমদার।
