‘অনিয়মের প্রতিবাদে’ কুবিতে দুদিনে ৫ পদত্যাগ

আপডেট : ২১ মার্চ ২০২৪, ০৩:৪৮ এএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে এবার হলের দায়িত্ব থেকে চারজন আবাসিক শিক্ষক পদত্যাগ করেছেন। তারা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের মোহাম্মদ জসিম উদ্দিন, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের ড. মোহাম্মদ মাহমুদুল হাছান খান, কাজী নজরুল ইসলাম হলের অর্ণব বিশ্বাস ও নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের জয়চন্দ্র রাজবংশী। গতকাল বুধবার তারা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরীর কাছে আলাদাভাবে পদত্যাগপত্রগুলো জমা দেন।

এর আগে গত মঙ্গলবার বিধিবহির্ভূত, বেআইনিভাবে ডিন নিয়োগসহ সিন্ডিকেট সভায় মতামত প্রদানের সুযোগ সীমিত করার প্রতিবাদ জানিয়ে সিন্ডিকেট সদস্যের পদ থেকে পদত্যাগ করেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমান।

গতকাল পদত্যাগ করা চার আবাসিক শিক্ষকের মধ্যে পদত্যাগপত্রে শিক্ষক জসিম উদ্দিন বলেন, ‘প্রশাসনিক বিভিন্ন অনিয়মের কারণে বঙ্গবন্ধু হলের হাউজ টিউটর পদে দায়িত্ব পালনে অসম্মতি জ্ঞাপন করছি।’

পদত্যাগের বিষয়ে ড. মোহাম্মদ মাহমুদুল হাছান খান বলেন, ‘কুবি প্রশাসনের স্বেচ্ছাচারিতা, নিয়মবহির্ভূত বিভিন্ন শর্তারোপ, সিন্ডিকেটের অ্যাজেন্ডা বহির্ভূত ডিন নিয়োগ, যোগ্যতা থাকা সত্ত্বেও বিভিন্ন বিভাগের শিক্ষকদের পদোন্নতি না দিয়ে উল্টো বেআইনি শর্তারোপের প্রতিবাদে আমি স্বেচ্ছায় পদত্যাগ করছি।’

অন্যদিকে শিক্ষক অর্ণব বিশ্বাস পদত্যাগপত্রে উল্লেখ করেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্র্তৃক বিরাজমান নানাবিধ অ্যাকাডেমিক সংকটের কোনো কার্যকর সমাধান না করা, নিয়মবহির্ভূত বিভিন্ন শর্তারোপ, যোগ্যতা থাকা সত্ত্বেও বিভিন্ন বিভাগের শিক্ষকদের পদোন্নতি না দিয়ে উল্টো নীতিমালাবহির্ভূত নানাবিধ শর্তারোপের প্রতিবাদে আমি স্বেচ্ছায় পদত্যাগ করছি।’

আর জয়চন্দ্র রাজবংশী বলেন, ‘প্রশাসনের নানাবিধ অব্যবস্থাপনা, স্বেচ্ছাচারিতা, নিয়মবহির্ভূত বিভিন্ন শর্তারোপ, সিন্ডিকেটের অ্যাজেন্ডা বহির্ভূত অনিয়মতান্ত্রিকভাবে ডিন নিয়োগ, যোগ্যতা থাকা সত্ত্বেও বিভিন্ন বিভাগের শিক্ষকদের পদোন্নতি না দেওয়া ও শিক্ষকদের সঙ্গে অন্যায্য আচরণের প্রতিবাদস্বরূপ আমি নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের হাউজ টিউটর পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি।’

এ ব্যাপারে জানতে চাইলে কুবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী বলেন, ‘আমি পদত্যাগপত্রগুলো হাতে পেয়েছি। দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত