বিএনপি নেতাদের জামিন না দিয়ে কারাগারে পাঠানোর প্রতিবাদ জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশটা এখন মগের মুল্লুকে পরিণত হয়েছে। নেতাকর্মীদের জামিন না দিয়ে কারাগারে পাঠানোর ঘটনা সরকারের প্রাত্যহিক কর্মসূচিতে পরিণত হয়েছে।’ গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে মির্জা ফখরুল এই অভিযোগ করেন।
তিনি বলেন, ‘ডামি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখলকারী আওয়ামী শাসকগোষ্ঠী অবৈধ ক্ষমতা ধরে রাখতে দেশব্যাপী প্রতিদিনই বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নানা কায়দায় অবর্ণনীয় নির্যাতন-নিপীড়ন শুরু করেছে। অব্যাহত গতিতে বানোয়াট ও ভিত্তিহীন মামলা করে বিরোধী নেতাকর্মীদের পর্যুদস্ত ও নাজেহাল করা হচ্ছে। আর এ ধরনের অপকর্ম সাধনের একমাত্র উদ্দেশ্যই হচ্ছে দেশের বিরোধী দলগুলো যেন দখলদার সরকারের স্বৈরাচারী আচরণের সমালোচনা করতে সক্ষম না হয়।’
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান এবং দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) আব্দুল্লাহ আল মামুনের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর ঘটনা উল্লেখ করে ফখরুল বলেন, ‘দখলদার আওয়ামী সরকারের নিরবচ্ছিন্ন অপকর্মেরই অংশ।’
