বাস্তব নায়কের সিনেমা অতিক্রম!

আপডেট : ২২ মার্চ ২০২৪, ০২:৫৪ এএম

ভারতের লাদাখের রাজধানী লেহতে আমরণ অনশনে বসেছেন পরিবেশবিদ সোনম ওয়াংচুক। লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা, পরিবেশ রক্ষাসহ কয়েকটি দাবিতে তিনি ‘আমরণ অনশন’ কর্মসূচি শুরু করেছেন। গতকাল বৃহস্পতিবার ১৬তম দিনে পড়ল তার অনশন। খোলা আকাশের নিচে মাইনাস ১৫ ডিগ্রিতে তার সঙ্গে অনশনে বসেছেন আরও অন্তত ২৫০ থেকে ৩০০ জন। অবশ্য তারা ভাগাভাগি করে ১২০ জনের মতো সব সময় অবস্থান করছেন সেখানে।

ম্যাগসাইসাইজয়ী সোনম ওয়াংচুক মূলত আলোচনায় আসেন বলিউডের সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর মুক্তির পর। ওই সিনেমার মূল চরিত্র ফুংসুক ওয়াংচুক। আমির খান ফুটিয়ে তুলেছিলেন সেই চরিত্রটি। বলা হয়, সোনম ওয়াংচুকের জীবনের ছায়া ছিল ফুংসুক ওয়াংচুক। সিনেমায় ফুংসুক ওয়াংচুক যেমন প্রতিদিনের অভিজ্ঞতাকে জ্ঞান হিসেবে নিয়েছে, বাস্তবতার সঙ্গে সম্পর্কীয় বিষয়গুলো গুরুত্ব দিয়েছে বাস্তবের ওয়াংচুকও তেমনই। পরিবেশ রক্ষার আহ্বানকে তিনি রূপ দিয়েছেন এক রাজনৈতিক আন্দোলনে। এ জায়গাটাতেই তিনি ছাড়িয়ে গেছেন সিনেমার গল্পকে।

সোনম ওয়াংচুক ও তার সঙ্গীরা আমরণ অনশনের সিদ্ধান্ত নিতে বাধ্য হন ৪ মার্চ। সেদিন কেন্দ্রীয় সরকার লাদাখবাসীদের জানিয়ে দিয়েছিল, তাদের সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করা সম্ভব নয়। প্রতিবাদে ৬ মার্চ থেকে সোনম ও তার অনুগামী সমর্থকরা আমরণ অনশনের সিদ্ধান্ত নেন। ওইদিন থেকে খোলা আকাশের নিচে রচিত হচ্ছে ওয়াংচুক ও তার সহযোগীদের দিবারাত্রির কাব্য। তাদের আন্দোলনে প্রতিদিন যোগ দিতে হাজির হচ্ছে লাদাখের হাজার হাজার মানুষ। রুখু লাদাখের পাহাড় ও নদী পেরিয়ে সেই আন্দোলনের ঢেউ ভারতের মূল ভূখণ্ডের প্রথম সারির গণমাধ্যমে প্রতিফলিত হচ্ছে যৎসামান্যই। তবে তাতে কিছু যায় আসে না সোনম ওয়াংচুকের। তার ভাষ্য, সত্যের পথে থাকলে জয় অবধারিত।

২০১৯ সালের ৫ আগস্ট জম্মু-কাশ্মীর থেকে লাদাখকে বিচ্ছিন্ন করে গড়ে তোলা হয়েছিল দুই পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল। জম্মু-কাশ্মীর ও লাদাখ। অবিভক্ত ওই রাজ্যে বিধানসভা ছিল। কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরকে বিধানসভা দেওয়ার পাশাপাশি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার। সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর সাড়ে চার বছর পার হয়ে গেছে। রাজ্যের মর্যাদা জম্মু-কাশ্মীর এখনো পায়নি। হয়নি বিধানসভার নির্বাচনও। লাদাখবাসীও পায়নি তাদের দেওয়া প্রতিশ্রুতিগুলো।

অনশনরত সোনম ওয়াংচুক সেই কথা সবাইকে মনে করিয়ে দিয়ে এক বার্তায় বলেছেন, ২০১৯ সালের লোকসভা ভোট ও ২০২০ সালের পার্বত্য পরিষদের নির্বাচনের সময় বিজেপির সরকার বলেছিল, লাদাখকে সংবিধানের ষষ্ঠ তফসিলের রক্ষাকবচ দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি তাদের বিপুল ভোটে জয়ী করেছিল। তারপর থেকে আজ পর্যন্ত প্রতিশ্রুতি রক্ষার ধারে-কাছে দিয়ে সরকার হাঁটেনি।

সোনম ওয়াংচুকের অভিযোগ, মানুষের মোহভঙ্গ ঘটেছে। প্রতিশ্রুতি রক্ষা না করায় লাদাখে সেনাদের মনোবলও ভেঙে পড়ছে। এই বৈচিত্র্যপূর্ণ লাদাখের পরিবেশ রক্ষার প্রয়োজনীয়তা উপলব্ধি করানোর পাশাপাশি সোনম ওয়াংচুক চান লাদাখের জন্য পূর্ণ রাজ্য ও ষষ্ঠ তফসিলের মর্যাদা।

সোনম ওয়াংচুকের আন্দোলনকে সমর্থন জানিয়েছে কারগিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (কেডিএ)। ২৪ মার্চ অনশন আন্দোলনের ২১তম দিনে লাদাখের পরিবেশ রক্ষায় বিশ্বব্যাপী সহমর্মিতা জানানোর আবেদন জানিয়েছেন সোনম ওয়াংচুক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত