দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে আজ শুক্রবার (২২ মার্চ) আর্থিক তছরুপের বিচারিক আদালত পিএমএলএ (প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট)-এ হাজির করা হবে।
প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানায়, দিল্লির মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিতে আবেদন জানাবে ভারতের অর্থনৈতিক অপরাধ সংক্রান্ত বিষয়ের তদন্তের দায়িত্ব থাকা বিশেষায়িত তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় তাকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় এ তদন্ত সংস্থা। এর পর তাকে দিল্লিতে ইডির সদর দপ্তরে নেওয়া হয়।
অন্যদিকে, বৃহস্পতিবার সন্ধ্যাই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কেজরিওয়াল। জরুরি ভিত্তিতে মামলা শোনার আরজি জানানো হয় তার পক্ষ থেকে। তবে সেই শুনানি বৃহস্পতিবার হয়নি। শুক্রবার হওয়ার সম্ভাবনা রয়েছে। তার গ্রেপ্তারের পর বৃহস্পতিবার রাতেই সু্প্রিম কোর্টের রেজিস্ট্রারের দ্বারস্থ হন আপ নেতারা।
কেজরিওয়ালকে গ্রেপ্তারের খবর প্রকাশিত হতেই তার বাসভবনের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন আপ সমর্থকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় জারি করা হয় ১৪৪ ধারা। মোতায়েন করা হয় পুলিশ। ড্রোন দিয়ে নজরদারি চালানো হয়। কেজরিওয়ালের বাসভবনের সামনে থেকে বিক্ষোভ দেখানোর অভিযোগে আটক করা হয় আপ বিধায়ক (এমএলএ) রাখি বিড়লাকে।
পাশাপাশি, দিল্লিতে ইডি দপ্তরের সামনে মোতায়েন করা হয় সিআরপিএফ (সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স)। দিল্লির রিং রোডেও আপ সমর্থকেরা বিক্ষোভ দেখাতে শুরু করে। তৈরি হয় তীব্র যানজট। রিং রোড এবং কেজরিওয়ালের বাসভবনের সামনে থেকে বেশ কয়েকজন আপ সমর্থককে আটক করে পুলিশ। প্রসঙ্গত, দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। তা নিয়ে অতীতে পুলিশের দিকে বার বার আঙুল তুলেছে কেজরিওয়াল সরকার।
দিল্লির আবগারি মামলায় আপপ্রধানকে মোট ৯ বার সমন পাঠিয়েছিল ইডি। কিন্তু আটবারই হাজিরা এড়িয়ে যান তিনি। শেষ পাঠানো সমনে বৃহস্পতিবারই ইডি দপ্তরে হাজিরা দিতে বলা হয় দিল্লির মুখ্যমন্ত্রীকে। কিন্তু হাজিরা না দিয়ে হাই কোর্টের দ্বারস্থ হন কেজরিওয়াল। হাইকোর্ট তা খারিজ করলে সুপ্রিম কোর্টে যান তিনি। অন্যদিকে, হাইকোর্ট নাকচ করার পরেই তৎপর হয় ইডি। বিশাল পুলিশ বাহিনী নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় কেজরিওয়ালের বাসভবনে যান ইডি শীর্ষকর্তারা। তার বাড়ি তল্লাশি করা হয়।
ইডি সূত্র জানায়, কেজরিওয়ালের ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। ঘণ্টা দুয়েকের তল্লাশি শেষে তাকে গ্রেপ্তার করে ইডি। শুক্রবার তাকে পিএমএলএ আদালতে হাজির করা হবে।
