গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগে জয়রথ চলছেই আবাহনীর। শুক্রবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে তারা অ্যাজাক্স স্পোর্টিং ক্লাবকে ৭-১ গোলে হারিয়েছে।
এটা আবাহনীর টানা ষষ্ঠ জয়। তাতে পয়েন্ট টেবিলে শীর্ষস্থানটা পাকাপোক্ত হয়েছে শিরোপাপ্রত্যাশী দলটির। দলের দুই তরুণ মোহাম্মদ আব্দুল্লাহ এবং ওবায়দুল হোসেন জয়ের জোড়া গোলে আরেকটি বড় জয় তুলে নেয় আকাশি-হলুদ জার্সিধারীরা। রাকিবুল হাসান রকি, হুজাইফা হোসেন এবং ভারতের শিশে গাওয়াদ একটি করে গোল করেন তাদের হয়ে। অ্যাজাক্সের একমাত্র গোলটি করেন ভারতের সিলহেইবার লিশাম।
আবাহনীকে চমকে দিয়ে ম্যাচের প্রথম মিনিটেই লিশামের ফিল্ড গোলে এগিয়ে যায় অ্যাজাক্স। তবে সংবিৎ ফিরে পেয়ে ঠিকই ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আবাহনী। ১৩ মিনিটে জয়ের গোলে সমতায় ফেরে তারা।
দ্বিতীয় কোয়ার্টারে একের পর এক পেনাল্টি কর্নার তুলে নেয় আবাহনী। তবে অ্যাজাক্সের গোলরক্ষক আজিম উদ্দিন এবং রক্ষণের দৃঢ়তায় গোলবঞ্চিত থাকে আবাহনী। পেনাল্টি কর্নার থেকে গোল না পেলেও দ্বিতীয় কোয়ার্টারের ২১ মিনিটে আব্দুল্লাহর ফিল্ড গোলে এগিয়ে যায় আবাহনী। পরের মিনিটে আবারও গোল আকাশি-নীলের। শিশে গাওয়াদের ফিল্ড গোলে অ্যাজাক্সের সঙ্গে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৩-১। ২৯ মিনিটে আবারও গোল আব্দুল্লাহর। আবাহনী এগিয়ে গেল ৪-১ গোল ব্যবধানে। তৃতীয় কোয়ার্টারে আবাহনীর সঙ্গে সমানতালে লড়েও গোল তুলে নিতে পারেনি অ্যাজাক্স। উল্টো ৩৮ মিনিটে জয় গোল করলে ব্যবধান হয় ৫-১ গোলের।
৪৩ মিনিটে রাকিবুল রকির গোলে অ্যাজাক্সের সঙ্গে ব্যবধান আরও বাড়িয়ে নেয় আবাহনী। পরের মিনিটে হুজাইফা গোল করে ব্যবধান বাড়িয়ে নেন ৭-১ গোলের। চতুর্থ কোয়ার্টার ছিল গোলশূন্য।
দিনের দ্বিতীয় ম্যাচে দিলকুশাকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৫-৪ গোলে হারিয়েছে বাংলাদেশ স্পোর্টিং।
